১৪ জুলাই শুরু হচ্ছে ২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী
ঢাকার শিল্পকলা একাডেমিতে আগামী ১৪ জুলাই শুরু হতে যাচ্ছে ২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী।
ওই দিন বিকালে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১৮’ আয়োজনের বিস্তারিত তুলে ধরে বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সিনিয়র ইন্সট্রাক্টর চারুকলা রেজাউল হাশেম ও প্রদ্যুৎ কুমার দাস।
লিয়াকত আলী লাকী জানান, এ বছর প্রদর্শনী উপলক্ষে ২১ থেকে ৩৫ বছর বয়সী নবীন ৭৮৭জন শিল্পীর ১৯৭৬টি শিল্পকর্ম জমা পড়ে। এর মধ্যে থেকে বাছাই কমিটির মাধ্যমে ৩৮০জন শিল্পীর ৪১২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।
চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, মৃৎশিল্প, কারুশিল্প, স্থাপনা, পারফর্মেন্স এবং নিউ মিডিয়ার নানা শিল্পকর্ম প্রদর্শনীতে ঠাঁই পাবে।
শিল্পকর্ম নির্বাচন কমিটিতে ছিলেন শিল্পী আব্দুল মান্নান, শিল্পী তরুণ ঘোষ, শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস ও শিল্পী আনিসুজ্জামান। পুরস্কার মনোনয়নের জন্য বিচারক হিসেবে ছিলেন শিল্পী কে এম এ কাইয়ূম, শিল্পী চন্দ্র শেখর দে এবং শিল্পী সাইদুল হক জুঁইস।
নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে নবীন শিল্পী চারুকলা পুরস্কার, চিত্রকলায় শ্রেষ্ঠ পুরস্কার, ভাস্কর্যে শ্রেষ্ঠ পুরস্কার, ছাপচিত্রে শ্রেষ্ঠ পুরস্কার এবং ৪টি সম্মানসহ ৫টি ক্যাটাগরিতে মোট ৮টি পুরস্কার দেওয়া হয়।
প্রচলিত রীতি অনুযায়ি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
১৯৭৫ সালে সাল থেকে ধারাবাহিকভাবে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী আয়োজন করছে শিল্পকলা একাডেমি।
প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসান। ১ম আয়োজনে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন শিল্পী চন্দ্র শেখর দে। গুনী এই শিল্পী এবছর শিল্পকলা পদক ২০১৭ লাভ করেছেন।
১৯৭৬ সালে ২য় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন শিল্পী শহিদ কবির।
