২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পুরনো আইন বাতিল করে নতুন আইন করতে সংসদে পৃথক দুটি বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 08:36 PM

Updated : 08 Apr 2022, 06:40 PM

মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ এবং ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ পাসের প্রস্তাব করলে সেগুলো কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিল দু’টির ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

গত ১৫ জানুয়ারি বিল দুটি সংসদে উত্থাপন করেন গৃহায়নমন্ত্রী। পরে বিল দুটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৫৯ সালের ‘চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ এবং ১৯৬১ সালের ‘খুলনা ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করতে বিল দুটি পাস হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে পুরনো আইন দুটি সংশোধন-পরিমার্জন করে বাংলায় নতুন আইন করতে বিল দুটি পাস করা হয়।