তেজতুরি বাজারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর তেজতুরি বাজারে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা।
তেঁজগাও থানার এসআই দেওয়ান মো. সবুর বলেন, গোল্ডস্টার ডিজাইন লিমিটেডের শ্রমিকদের এই বিক্ষোভের কারণে মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় আধা ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে যান চলাচল বিঘ্নিত হয়।
বিক্ষোভে থাকা শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ তাদের বকেয়া পাওনা পরিশোধ না করেই কারখানা বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে।
তাদের এই বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে কারওয়ানবাজার ওফার্মগেইট এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
পরে পুলিশের তেঁজগাও বিভাগের এডিসি সাত্যকি কবিরাজ ঝুলনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসআই সবুর বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের কারওয়ান বাজারে কলকারখানা পরিদর্শকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।”
