শিশু অধিকার লঙ্ঘন ‘২৬% বেড়েছে’
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা আগের বছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ বেড়েছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।
সোমবার সংসদ সচিবালয়ের আইপিডি কনফারেন্স হলে এক গোলটেবিল আলোচনায় এ তথ্য তুলে ধরা হয়।
‘বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি: অবস্থার উত্তরণে সংসদ সদস্যগণের ভূমিকা’ শীর্ষক এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, বিভিন্ন পত্রিকার সংবাদ পর্যালোচনা করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ওই তথ্য সঙ্কলিত করেছে।
সেখানে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে বাংলাদেশে দুই হাজার ৩৩ জন শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে এক হাজার ৩৬ জন শিশু অপমৃত্যুর শিকার এবং ৪৭৭ জন যৌন নির্যাতনের শিকার হয়েছে।
২০১৭ সালের একই সময়ে এক হাজার ৪৯৬ জন শিশু হত্যা, ধর্ষণসহ বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয়েছিল বলে তথ্য দেওয়া হয়েছে ফোরামের প্রতিবেদনে।
তাদের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের শিকার হয়েছে ৩৫১ জন শিশু, ২০১৭ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ২৯৪ জন। চলতি বছর হত্যার শিকার হয়েছে ২১৬ জন শিশু, যা আগের বছরে ১৫৭ জন ছিল।
এ বছর ধর্ষণের শিকার ৩৫১ জন শিশুর মধ্যে ৫৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। ৪০টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৬টি শিশু। ঢাকা জেলায় সর্বোচ্চ ৩৭ জন, নারায়ণগঞ্জে ১৭ জন, চট্টগ্রামে ১৫ জন শিশু এবার ধর্ষণের শিকার হয়েছে।
ফোরামের তথ্য অনুযায়ী, এ বছর জুন পর্যন্ত সময়ে ১৩২ জন শিশু নিখোঁজ হয়েছে, গতবছর প্রথম ছয় মাসে এই সংখ্যা ছিল ৮৬ জন। নিখোঁজ শিশুদের মধ্যে এবার মৃত অবস্থায় পাওয়া গেছে ৬৩ জনকে, যা গত বছর ছিল ৩৪ জন।
শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক নির্যাতনে এবার ৬৯ জন আহত হয়েছে, যা গত বছর ৪১ জন ছিল। এবার ৩২ শিশুর মৃত্যু হয়েছে বাবা-মায়ের হাতে, যা গত বছর ছিল ২৪ জন।
আবদুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পর্যালোচনার ভিত্তিতে দেখা যায়, নগরকেন্দ্রিক ভাসমান মানুষের আধিক্য, নিরাপত্তাহীনতা এবং আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতার অভাবে বড় শহরগেুলোতে শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রবণতা বেশি।
সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিশুদের জন্য পৃথক অধিদপ্তর গঠনের দাবি জানান।
তিনি বলেন, “শিশুদের জন্য আলাদা অধিদপ্তর নেই। প্রধানমন্ত্রীর যদি মনে করেন আলাদা শিশু মন্ত্রণালয় করে তার অধীনে শিশু বিষয়ক অধিদপ্তর কিংবা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটা করতে পারেন।”
রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার বন্ধে আইন বাস্তবায়ন করা কঠিন মন্তব্য করে ডেপুটি স্পিকার বলেন, “নির্বাচন কমিশন এ ব্যাপারে সোচ্চার। আমাদের (সংসদ সদস্য) বিবেক দিয়ে এটা করতে হবে। রাজনৈতিক দল থেকে এটা করতে হবে।“
২০১৩ সালে শিশুদের নিয়ে পৃথক আইন করা হলেও এখন পর্যন্ত বিধিমালা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, “মধ্যরাতের টকশোতে রাজনৈতিক কথা বলা হয়। কিন্তু সুশীল সমাজের কেউ এ কথাটা বলেন না যে, শিশু বিধিমালা এখনও হয়নি কেন। আপনারা (সুশীল সমাজ) সরকার-আমলাদের কেন চাপ দেন না?”
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানবাধিকার বিষয়ক প্রোগ্রামের সহায়তায় শিশু বিষয়ক সংসদীয় ককাস ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ককাসের সভাপতি বাগেরহাটের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশার সভাপতিতত্বে অন্যদের মধ্যে সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চানন বিশ্বাস, ইয়াসিন আলী, মাহবুব আলী, নাভানা আক্তার, হোসনে আরা লুৎফা ডালিয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।
