২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল করে’ তেলাপোকার বিষ খেয়ে শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় ‘ভুল করে’ তেলাপোকা মারার বিষ খেয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 08:19 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

ফাবিয়া আক্তার নামের শিশুটিকে সোমবার বেলা ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। “

খিলগাঁও গোড়ান আলী আহম্মদ স্কুলের পাশে রতন চৌধুরীর বাসার নিচ তলায় ফাবিয়া তার বাবা-মায়ের সঙ্গে থাকত। তার বাবা সেকান্দার আলী ওই বাড়ির মালিকের গাড়ি চালক। তিন ভাইবোনের মধ্যে ফাবিয়া ছিল সবার ছোট।

ফাবিয়ার বাবা হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসায় একটি বোতলে তেলাপোকা মারার ওষুধ রাখা ছিল। ‘আচার ভেবে’ ওই ওষুধ খেয়ে ফাবিয়া অসুস্থ হয়ে পড়ে।

বাসার লোকজন তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেয়েটিকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।