বিএফইউজে নির্বাচনের বাধা কাটল
শ্রম আদালত নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে আর কোনো বাধা নেই।
শ্রম আদালতের স্থগিতাদেশে সাংবাদিক ইউনিয়নের এই ভোট আটকে যাওয়ায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে আসছিলেন ইউনিয়নের সদস্য সাংবাদিকরা।
সোমবার শ্রম আদালতে শুনানি শেষে আইনজীবী কামরুল ইসলাম বলেন, “নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে আদালত জানিয়েছে। নির্বাচন কমিশনকে সময় ঘোষণার জন্য বলা হয়েছে।”
এ নিয়ে বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আলমগীর হোসেন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বিএফইউজের একাংশের এই নির্বাচনে গত শুক্রবার ভোটগ্রহণের কথা ছিল। তার ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে দুই সদস্য শ্রম আদালতে গেলে নির্বাচনের উপর নিষেধাজ্ঞা আসে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভোটার তালিকায় ১১৪ জন ‘দ্বৈত ভোটার’ রয়েছেন দাবি করে শ্রম আদালতে গিয়েছিলেন ওই দুজন সদস্য।
স্থগিতাদেশের পর সভাপতি প্রার্থী আবদুল জলিল ভুঁইয়া ও মহাসচিব প্রার্থী জাকারিয়া কাজল রোববার সংবাদ সম্মেলন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
আরেক প্যানেলের সভাপতি প্রার্থী ওমর ফারুক ও মহাসচিব প্রার্থী শাবান মাহমুদ সমর্থকরা জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করেন।
দুই প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মোল্লা জালাল।
ঢাকাসহ ১০টি অঙ্গ ইউনিয়ন নিয়ে বিএফইউজের এই নির্বাচনে সারা দেশে ৪ হাজার ৩৪৩ জন ভোটার তিন বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নেন।
