কোটা আন্দোলন: জগন্নাথে প্রতিবাদ সমাবেশে হামলা
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে হামলার মুখে পড়েছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
রোববার দুপুরে ক্যাম্পাসের ভাষ্কর্য চত্বরের সামনে কর্মসূচি পালনের সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা এই হামলায় চালায় বলে জোট নেতাদের অভিযোগ।
হামলায় পাঁচ সাংবাদিকসহ আহত হয় অন্তত ১৫ জন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, ছাত্রফ্রন্ট সভাপতি কিশোর কুমার ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, জোটনেতা সমিত ভৌমিক, অনিমেষ রায়, খাইরুল হাসান জাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা নিপীড়নের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।
“ক্যাম্পাসে মিছিল শেষে ভাষ্কর্য চত্বরে সমাবেশ শুরু করে বক্তব্য দিতে থাকেন নেতারা। এ সময় জবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের জুনিয়র কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর।”
সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয় বলে জানান জবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি।
তিনি বলেন, হামলার সময় ছাত্রলীগকর্মী গণিত বিভাগের পরাগ, রিয়াজ, হৃদয়কে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে মহড়া দিতে দেখা যায়। আর হামলার নেতৃত্ব দেয় ছাত্রলীগের আরেক কর্মী রিয়াজ মাহমুদ।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো নির্দেশ দেইনি। এ হামলার সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।”
তিনি বলেন, “আন্দোলনের নামে বামপন্থি ১০ -১২ জন ভাষ্কর্য চত্বরের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার পথরোধ করলে তারা হামলা করতে পারে বলে আমার ধারণা।”
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার শিকার যারা হয়েছেন তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলছি। তাদের অভিযোগের ভিত্তিতে সিসি টিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
