প্রসূতিকে স্বাস্থ্য কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ
চট্টগ্রামের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না দিয়ে প্রসূতিকে বের করে দেওয়ার পর নবজাতকের মৃত্যুর ঘটনা ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি, চট্টগ্রামের সিভিল সার্জন, লোহাগাড়ার নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একজন অধ্যাপককে নিয়ে ৫ সদস্যের কমিটি গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের তলবে রোববার লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন ও নার্স ছায়া চৌধুরী হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দেওয়ার পর বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন রিপন বাড়ৈ ও সঞ্জয় মণ্ডল। চিকিৎসক আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান এবং নার্স ছায়া চৌধুরীর পক্ষে শুনানি করেন মো. আমিরুল হক।
প্রসব ব্যথা নিয়ে মরিয়ম বেগমকে এক নারী গত ৯ মে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন ও নার্স ছায়া চৌধুরী চিকিৎসা না দিয়ে বের করে দেন বলে অভিযোগ উঠেছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে সন্তান প্রসব করার কিছুক্ষণের মধ্যেই নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনাটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হলে সেসব প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র পক্ষে রিট আবেদন করেন আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী।
গত ১১ জুন আদালত সে রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি ঘটনার ব্যাখ্যা জানতে ডা. আব্দুল্লাহ আল মামুন ও জ্যেষ্ঠ নার্স ছায়া চৌধুরীকে তলব করে। তারা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দাখিল করেন।
মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্য সচিবকে ৫ সদস্যের কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি তদন্তকালে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নিতেও বলা হয়েছে।”
তিনি বলেন, “গরিব দিনমজুরের স্ত্রীকে প্রসবকালীন চিকিৎসা না দিয়ে সরকারি হাসপাতাল থেকে বের করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন ও সংবিধান পরিপন্থি।”
আদালত আগামী ২৫ জুলাই এ বিষয়ে পরবর্তী আদেশ দিবে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।
