নিজের ফ্ল্যাট, পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকেই: প্রধানমন্ত্রী
সরকারি কর্মচারীদের জন্য মতিঝিল সরকারি কলোনিতে নতুন চারটি বহুতল আবাসিক ভবন উদ্বোধন করে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সেখানকার হবু বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “ব্যবহারটা আপনি করছেন, আপনার ফ্ল্যাট। সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা আপনার নিজেকেই করতে হবে।
“আপনার করিডোর, আপনার লিফট, আপনার ঢোকার জায়গা- সব যাতে পরিষ্কার থাকে। এদিকে সবাইকে দৃষ্টি দেবার জন্য আমি বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।”
শনিবার সকালে মতিঝিলে সরকারি কলোনিতে নতুন চারটি ২০তলা ভবনের ৫৩২টি ফ্ল্যাট উদ্বোধন করেন শেখ হাসিনা। এই ফ্ল্যাটগুলোতে থাকবেন সরকারি চাকুরেরা।
ফ্ল্যাটকে নিজের মনে করে সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “খুব দুঃখের সাথে বলি, আমাদের দেশের মানুষের পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণাও একটু কম এবং রাখেও কম।
“যারা পাকের ঘরে কাজ করেন, ওই রান্নাবান্নার ময়লা ওই জানলা দিয়ে ছুড়ে ফেলে দেবেন- এটা যেন না হয়।এভাবে ছুড়ে না ফেলে আলাদা ডাব্বার মধ্যে জমা করলেন, সেটা নির্দিষ্ট জায়গায় রেখে আসলেন।
“আপনাদের আমি আগে থেকেই সতর্ক করতে চাই, এই ফ্লাট যারা ব্যবহার করবেন…ওই রকম ময়লাগুলো যেন ছুড়ে ছুড়ে না ফেলা হয়।”
পানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “আমার কিছু অনুরোধ আছে আপনাদের কাছে। আপনারা জানেন, এক সময় এই ঢাকা শহরে প্রচণ্ড পানির অভাব ছিল, বিদ্যুতের অভাব, গ্যাসের অভাব।
“আমাদের এক সময় বলা হত অনেক গ্যাস। কিন্তু এখন দেখা যাচ্ছে, অতো গ্যাস নাই যে আমরা একেবারে পাইপলাইন দিয়ে গ্যাস ব্যবহার করতে পারি। সেজন্য আমরা সিলিন্ডার গ্যাসের দিকে চলে যাচ্ছি, যাতে করে সবাই সীমিতভাবে ব্যবহার করতে পারেন। গ্যাস আমদানি করতে হচ্ছে এখন আমাদের। এটা হলো বাস্তবতা।”
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “অন্তত ঘর থেকে বের হবার সময় নিজের হাতে সুইচটা বন্ধ করে যেতে হবে। সেটা সরকারি অফিসে হোক বা বাড়িতে হোক; সকলকে এই বিষয়টা বিশেষভাবে নজর দিতে হবে। আপনি সুইচটা বন্ধ করে রাখলে আপনার বিদ্যুৎ বিলটাও কম আসবে।”
পানি ও বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকির কথা তুলে ধরে তিনি বলেন, “এক এক লিটার পানি, তাকে পিউরিফাই করতে অনেক টাকা খরচ হয়। এক এক ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেও অনেক টাকা খরচ হয়। আমরা কিন্তু সব জায়গায় ভর্তুকি দিচ্ছি।”
“দাড়ি কাটছেন তো কাটছেন। না, এখানে মগ ব্যবহার করতে হবে, বালতি ব্যবহার করতে হবে, পানি রাখতে হবে, পানির কল বন্ধ রাখতে হবে।”
নিজে পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমি নিজে এটা করি। আমি যখন গোসল করি, আমি কিন্তু বালতি পেতে পানি নিয়ে পানির কল... এতটুকু পানি যেন নষ্ট না হয়।
“পানির বিল আপনাকে দিতে হবে। বেশি অপচয় করলে বিল আপনাকেই দিতে হবে।”
এই আবাসিক এলাকায় খেলার মাঠ ও পার্ক রাখা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখানে খেলার মাঠ থাকতে হবে। মাঠ থাকবে, পার্ক থাকবে। ওই ফ্ল্যাটের মধ্যে বাচ্চারা সব সময় বসে থাকবে না। অর্থাৎ ফার্মের মুরগির মতো বাচ্চারা বড় হবে না, তারা মাঠে খেলবে।
“হাঁটার ব্যবস্থা রাখতে হবে।”
এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ ও জলাধার রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী।
সরকারি কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এখন কর্মযজ্ঞ বেড়েছে, সরকারি কর্মচারীর সংখ্যাও বেড়েছে। আমি চাই যারাই কাজ করবেন, তারা যেন কাজ করা শেষে ঘরে ফিরে একটু ভালোভাবে বসবাস করতে পারেন। তাদের ছেলে-মেয়েরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারেন।
“আমার নির্দেশ হচ্ছে সকলের জন্য, সকল কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থাটা যেন থাকে। সরকারিভাবে যেন আবাসন সুবিধাটা পায় সকলে। কিছু পাচ্ছে, কিছু পাচ্ছে না- এই অবস্থাটা যেন না হয়। এই বহুতল ভবন নির্মাণ করে আবাসন ব্যবস্থা করে দিয়েছি।”
আজিমপুরে নতুন এই আবাসন ব্যবস্থার উদ্বোধন করে তিনি বলেন, “আজিমপুর এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০তলা দুটি ভবনে এক হাজার বর্গফুট আয়তনের ১৫২টি ফ্ল্যাট এবং ২০তলা চারটি ভবনে ৮০০ বর্গফুট আয়তনের ৩০৪টি ফ্ল্যাটসহ মোট ৪৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি।”
পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে কারান্তরীণ বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে আজিমপুর কলোনিতে এক আত্মীয়ের বাসায় থাকার কথা বলেন শেখ হাসিনা।
“আজিমপুর কলোনির ফ্ল্যাটগুলো অত্যন্ত পুরনো। ১৯৫২ সালে আমার দাদার সাথে আমি আর কামাল এসেছিলাম আমার বাবার সঙ্গে দেখা করতে। দুর্ভাগ্য বাবার সঙ্গে দেখা হয়নি। উনি হাঙ্গার স্ট্রাইক করছিলেন বলে ওনাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু ১৯৫২ সালের ভাষা আন্দোলনের দিনটাতে আমরা আজিমপুর কলোনিতে ছিলাম। খুবই ছোট ছিলাম।”
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা সৃষ্টির লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম মহানগরীসহ অন্যান্য শহরে বহুতল বিশিষ্ট মোট ২৩টি আবাসিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।এ সব প্রকল্পের আওতায় বিভিন্ন আয়তনের মোট ৯ হাজার ৭০২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
এছাড়া ১৯টি প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট ৮ হাজার ১৯০টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান রয়েছে।
মতিঝিল ও আজিমপুরে দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
আজিমপুরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মতিঝিলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম বক্তব্য রাখেন এবং অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় ওই এলাকার সংসদ সদস্য রাশেদ খান মেননের একটি লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়।
অনুষ্ঠান দুটিতে স্বাগত বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত সুচিব শহীদুল্লাহ খন্দকার।
