২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল সর্বোচ্চ গ্রেডে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্বে থাকা মো. জয়নাল আবেদীনকে গ্রেড-১ পদে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 09:30 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নালকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় বেতন স্কেলের সর্বোচ্চ গ্রেডে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসনের সচিবরা বেতন কাঠামোর গ্রেড-১ এ বেতন পান। আর মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিবদের বেতন হয় বিশেষ গ্রেডে।

জয়নাল আবেদীনকে গ্রেড-১ পদে নিয়োগ দেওয়ার পর তাকে প্রেষেণে আগের পদে রাখতে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর আগে জয়নালকে তার নিজ ক্যাডারে ফিরে যেতে হবে বলে আদেশে বলা হয়েছে।

তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা থাকাকালে ২০১৫ সালের ১৫ জুন প্রেষণে রাষ্ট্রপতি প্রেস সচিব নিয়োগ পান জয়নাল।

১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের এই কর্মকর্তা এর আগে দীর্ঘদিন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন।