খিলক্ষেতে বিআরটিসি ডিপোতে দুদকের অভিযান
ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ডিপোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের হটলাইনে (১০৬) পাওয়া এক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এ অভিযানে কোনো দুর্নীতিবাজকে ধরা না হলেও বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদেরকে ‘অনিয়ম ও দুর্নীতিমুক্ত’ সেবা নিশ্চিত করতে সতর্ক করেছেন দুদক কর্মকর্তারা।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, কমিশনের পরিচালক মো. ফরিদুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল এ অভিযান চালায়।
“অভিযানের সময় বিআরটিসির ওই ডিপোতে যানবাহন মেরামতের ব্যয় সংক্রান্ত বিভিন্ন বিল-ভাউচার, রেজিস্ট্রার ও স্টোর রুম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দুদক দল।”
ডিপোর ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী মো. মনিরুজ্জামান এ সময় দুদক দলকে সহযোগিতা করেন বলে জানান প্রনব।
“ভবিষ্যতে এ দপ্তরকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করতে সব ধরনের চেষ্টা চালাবেন বলে দুদক কর্মকর্তাদের আশ্বস্ত করেন প্রকৌশলী মনিরুজ্জামান।”
অভিযান দলের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী এ বিষয়ে বলেন, “বিআরটিসি জনসেবামূলক প্রতিষ্ঠান। দুদকের এ অভিযান এই প্রতিষ্ঠানের সুশাসন প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা রাখবে। তবে দুর্নীতি ও অনিয়মের প্রকৃত ঘটনা উদঘাটনে দুদক প্রয়োজনে পূর্ণাঙ্গ অনুসন্ধান চালাবে।”
