২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগ

ভুয়া সনদে চাকরি নেওয়াসহ জালিয়াতির অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সাব রেজিস্ট্রার মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 10:03 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন বাদী হয়ে বুধবার রাজধানীর শাহবাগ থানা এবং গোপালগঞ্জ সদর থানায় মামলা দুটি করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচায্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৃথক দুই মামলায় আসামির বিরুদ্ধে বিকম পাশের জাল সনদ দিয়ে সাব-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়া এবং নাম পরিবর্তন করে ব্যাংক হিসাব খোলার অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার মামলায় বলা হয়, “জাহিদুল ইসলাম এইচএসসি পাশ হওয়া সত্ত্বেও বিকম পাশের জাল সনদকে খাঁটি হিসেবে ব্যবহার করে ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে সংস্থাপন মন্ত্রণালয় (জনপ্রশাসন মন্ত্রণালয়) থেকে সাবেক মুজিবনগর কর্মচারী হিসেবে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগ দেন।

“এ পদে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারের ২৩ লাখ ৫৬ হাজার ৭৯৬ টাকা অবৈধভাবে গ্রহণ করে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিনি অপরাধ করেছেন।”

দুদকের অনুসন্ধানের কথা উল্লেখ করে এজাহারে বলা হয়, “জাহিদুল ১৯৮৫ সালের ৩ এপ্রিল সাব-রেজিস্ট্রার হিসেবে পুনঃ মনোনয়নের জন্য আবেদনের আগে বিকম পাশ ছিলেন না, তখন তিনি এইচএসসি পাশ ছিলেন।”

অন্যদিকে গোপালগঞ্জ সদর থানার মামলায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া নাম মো. মাহবুবুর রহমান নামের জন্ম নিবন্ধন সনদ তৈরি বা সংগ্রহ করে ২০১৫ সালে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের গোপালগঞ্জ শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। পরবর্তীতে এই হিসাব নম্বর দিয়ে তিনি বিও অ্যাকাউন্টও খোলেন।

ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মামলার অনুসন্ধান ২০১৭ সালে হয়েছে। ওই সময় জাহিদুল ইসলাম মাদারীপুর সদরের সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি কাপাসিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে বদলি হন।

জাহিদুল ইসলাম গোপালগঞ্জ পৌরসভার বীণাপানি গার্লস স্কুল রোড এলাকার আব্দুল মান্নান খানের ছেলে।