বিইউবিটি ছাত্রকে চাপা দেওয়া বাসের চালক গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী মাসুদ রানাকে চাপা দেওয়া দিশারী বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলশের দারুস সালাম জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার ভোরে লক্ষ্মীপুরের গৌরনগর এলাকার কুটুরিবাড়ি থেকে চালক মো. হানিফ ওরফে মুন্নাকে (৩০) গ্রেপ্তার করা হয়।
গত সোমবার রিকশায় করে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ।
স্থানীয়রা মাসুদকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউবিটির শিক্ষার্থীরা মিরপুর-১ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন। দিশারী পরিবহনের ৫-৬টি বাসসহ কয়েকটি যানবাহন সেখানে ভাংচুর করা হয়। এরপর চিড়িয়াখানা রোডে সনি সিনেমা হল এলাকার বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ করেন।
মঙ্গলবারও শিক্ষার্থীরা সনি সিনেমা হলের সামনের রাস্তা প্রায় আড়াই ঘণ্টা আটকে বিক্ষোভ দেখান।
