২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ঢাকায় দায়িত্ব পালন শেষে ফেরার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 11:28 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

ইউরোপের দেশটির বিদায়ী রাষ্ট্রদূত কুলেনারা জামদানি শাড়ি পরে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

বাংলাদেশ দায়িত্ব পালনে সহায়তার জন্য শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানান কুলেনারা।

তাদের আলোচনায় বাংলাদেশের ডেলটা প্ল্যান, নারী ক্ষমতায়ন এবং রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ডেলটা প্ল্যানের বিষয়ে আলোচনায় শেখ হাসিনা পলি জমে নদীর নাব্য হ্রাস পাওয়ার কথা তুলে ধরে নদীর ধারণ ক্ষমতা ও পানির প্রাপ্যতাও কমে যাওয়ার কথা বলেন।

ভূমি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে নদী খননের ধারাবাহিকতা নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

কুলেনারা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর উপর জোর দেন।

মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তেরও প্রশংসাও করেন তিনি।

রোহিঙ্গাদের উন্নত আবাসস্থলের জন্য তাদের ভাসানচরে স্থানান্তরের কথা রাষ্ট্রদূতকে বলেন প্রধানমন্ত্রী।