বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বুধবার
সরকারি কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে পঞ্চমবারের মত সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করতে যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এই চুক্তিতে সই করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম জানিয়েছেন।
তিনি বলেন, এপিএতে প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগের ‘ভিশন’ থাকে, সে অনুযায়ী কার্যক্রম নেওয়া হয়।
সফটওয়্যারের মাধ্যমে মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যন্ত এপিএ তদারকি করা হয় জানিয়ে জিয়াউল বলেন, কেউ দুর্বল টার্গেট নির্ধারণ করলে সফটওয়্যারে তা ধরা পড়বে।
“এপিএ মূল্যায়নে এবার আবশ্যিক কৌশলগত বিষয়ের নম্বর ২৫ করা হয়েছে। আর বাকি ৭৫ নম্বরে হবে উদ্দেশ্যমূলক অংশের মূল্যায়ন।”
২০১৬-১৭ অর্থবছরের এপিএ মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পাওয়া বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (৯৯%); মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (৯৮.৫১%) এবং কৃষি মন্ত্রণালয়কে (৯৭.৭৪%) সম্মননা দেওয়া হবে বলে জানান সচিব জিয়াউল।
তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলো গড়ে ৯১ দশমিক ৪০ শতাংশ এপিএ বাস্তবায়ন করেছে। ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৪৯টি দপ্তর ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।
“কোন মন্ত্রণালয় বা বিভাগ কতটুকু এপিএ অর্জন করেছে তা তাদের জানিয়ে দিয়েছি। আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা তা করব।”
এপিএ-তে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কৌশলগত উদ্দেশ্য এবং এসব উদ্দেশ্য অর্জনে গৃহীত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়, অর্থবছরে শেষে যার মূল্যায়ন করা হয়।
২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে প্রথমবারের মতো এপিএ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ২০১৫-১৬ অর্থবছর থেকে মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গেও চুক্তি হয়ে আসছে।
২০১৬-১৭ অর্থবছরে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ছাড়াও বিভাগীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের দপ্তরগুলোর সঙ্গে এপিএ করা হয়। আর ২০১৭-১৮ অর্থবছরে এর আওতা উপজেলা পর্যায়ের সরকারি কার্যালয় পর্যন্ত সম্প্রসারণ করা হয়।
