২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় ছাত্রের মৃত্যু, মিরপুরে সড়ক অবরোধ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক ছাত্র রাজধানীর মিরপুরে বাসচাপায় নিহত হওয়ার পর সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 04:05 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

তাদের বিক্ষোভের কারণে বেলা ১১টা থেকে তিন ঘণ্টা মিরপুরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয় বলে পুলিশের মিরপুরের জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) নজরুল ইসলাম জানান।

নিহত মাসুদ রানা (২৫) বিইউবিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সকালে রিকশায় চড়ে ক্যাম্পাসে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ বলেন, ঈদগাহ মাঠের পাশের রাস্তায় দিশারী পরিবহনের বাসটি ওই রিকশার পেছনে ধাক্কা দিলে মাসুদ পড়ে যান। পরে বাসটি তাকে চাপা দেয়।

স্থানীয়রা মাসুদকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউবিটির শিক্ষার্থীরা মিরপুর-১ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন। দিশারী পরিবহনের ৫-৬টি বাসসহ কয়েকটি যানবাহন সেখানে ভাংচুর করা হয়। এরপর চিড়িয়াখানা রোডে সনি সিনেমা হল এলাকার বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ করেন।

এই পরিস্থিতিতে মিরপুর-১ থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কে যানবাহন ‘ডাইভারশন’ করার কথা জানান সহকারী কমিশনার (ট্রাফিক) নজরুল।

তিনি বলেন, বাসচালককে গ্রেপ্তার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে যায়। তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসুদের বাড়ি ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায়। দুর্ঘটনায় আহত রিক্সাচালকও স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।