‘জেন্ডার বাজেট’ বাস্তবায়নে নজরদারির আহ্বান মহিলা পরিষদের
যথাযথভাবে জবাবদিহি ‘না থাকায়’ নারী উন্নয়নে বাজেটে বরাদ্দ দেওয়া হলেও তার সঠিক বাস্তবায়ন হয় না অভিযোগ করে ‘জেন্ডার বাজেট’ বাস্তবায়নে নজরদারির আহ্বান জানিয়েছেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।
রোববার বিকালে মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
আয়শা খানম বলেন, “বাস্তবায়নের দিকটিতে গুরুত্ব দিতে হবে। আগামী বছরের বাজেটের আগে অর্থ মন্ত্রণালয়কে জেন্ডার বাজেট নিয়ে আমরা কিছু তথ্য দিতে পারি, যা পরবর্তী বাজেটে একটি ইতিবাচক ভূমিকা রাখবে।
“জেন্ডার বাজেটের কাজটা একুশ শতকের নারী আন্দোলনের জন্য একটি গুরূত্বপূর্ণ বিষয়। চারটা মন্ত্রণালয় থেকে আমরা এখন ৪৩টা মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট পেয়েছি, যা একটি ইতিবাচক অর্জন। তবে জবাবদিহির বিষয়টি যথাযথভাবে কাজ না করায় বাজেট বরাদ্দ থাকলেও তার ব্যবহার যথাযথ হয় না।”
“বাজেটের যথাযথ ব্যয় হচ্ছে না বলে যে অর্থ ফেরৎ যাচ্ছে, এই ক্ষেত্রে দৃষ্টি দেওয়া প্রয়োজন।”
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিদিশা হক বলেন, “শিশু দিবাযত্ন কেন্দ্র নারীর ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে যে কর তুলে দেওয়া হয়েছে তা একটি ইতিবাচক অর্জন।”
তবে এর জন্য সরকার ঋণ সুবিধাসহ শিশু দিবাযত্ন কেন্দ্র বাধ্যতামূলক করার মতো বিভিন্ন ধরনের স্কিম চালু করতে পারে বলে মনে করেন তিনি।
বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো এবং এর জন্য বিভিন্ন ধরনের পলিসি নেওয়াকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, “জেন্ডার বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয় হয় না বলে অর্থমন্ত্রীও বলেছেন, কিন্তু সেই জায়গাটিতে তথ্যের সহজপ্রাপ্যতা থাকা প্রয়োজন।”
শ্রমবাজারে নারীর অংশগ্রহণে ‘স্থবিরতা দেখা গেছে’ মন্তব্য করে এই শিক্ষক বলেন, “এটি দূর করার জন্য মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
“৪০ থেকে ৪৫ অর্থাৎ মধ্যবয়সী নারীদের আমরা গার্মেন্ট সেক্টরে দেখি না। এখন সময় এসেছে নারীদের জন্য নতুন শ্রমবাজার বের করা, যেখানে নারীরা কাজ করতে পারবে।”
তবে শিশু দিবাযত্ন কেন্দ্র করলে কর অব্যাহতি পাওয়ার বিষয়টি সরকারের একটি ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি।
ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি মুনিমা সুলতানা বলেন, “নারীর উন্নয়নের জন্য রাজনৈতিক দল, সামাজিক উদ্যোগ ও অর্থনীতিতে নারীর অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার ফোকাসগুলো কোথায় হচ্ছে সেই বিষয়গুলোর উপর নজর দেওয়া প্রয়োজন।”
মহিলা পরিষদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।
বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাহার আহমদ, লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূরুল ওয়ারা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক দিল আফরোজ বেগম প্রমুখ।
