শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান
আন্দোলনরত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতি দিয়েছেন একদল লেখক, অধ্যাপক ও সংস্কৃতিকর্মী।
রোববার বিকালে পাঠানো এই বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় কুমার রায়, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, লেখক যতীন সরকার, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অধ্যাপক এম এম আকাশ, উদীচী সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
নন-এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ঢাকায় এসে এমপিওভুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন।
বিবৃতিতে বলা হয়, “সরকার যদি ইতোপূর্বে এই সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে নতুন করে এই জনবল কাঠামোর মধ্যে এই সকল প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তাদের এমপিওভুক্ত করতে হবে। ‘৬ বছর বেতন দেবো না’ অঙ্গীকার করে ২০ বছর পর্যন্ত বেতন না দেওয়ার চাতুর্যকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না।”
শিক্ষকদের যথোপযুক্ত সম্মান না দিলে ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে জাতি ‘ব্যর্থ হবে’ বলে মন্তব্য করেছেন তারা।
বিবৃতিতে বলা হয়, “দেশের জনগণকে শিক্ষিত করা রাষ্ট্রীয় নীতি। এমপিওভুক্তির দাবিদার শিক্ষকরা রাষ্ট্রের সেই নীতি বাস্তবায়নের কাজই করে যাচ্ছেন। তাদের শিক্ষার্থীরা শিক্ষা জীবনের সনদও যেমন গ্রহণ করছে, রাষ্ট্রও তা স্বীকৃতি দিচ্ছে। সরকার কৌশলে শিক্ষকদের বেতনের বাইরে কিছুতেই রাখতে পারে না।”
শিক্ষকদের ‘ন্যায্য’ দাবির প্রতি সমর্থন জানিয়ে এতে বলা হয়, “শিক্ষকরা সবাই এখন স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। তাদের কেউ কেউ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। সবাই অবস্থান করছেন খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি উপেক্ষা করে। জাতির জন্য এটি যেমন কলঙ্কের, তেমনি বেদনারও।”
