গাছ লাগানো শিখল ঢাকার শিশুরা
ঢাকার বিভিন্ন স্কুলের শিশুদের নিয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে হয়ে গেল ‘শিশুদের জন্য পরিবেশ উৎসব’, যেখানো গাছ লাগানো ও এর পরিচর্যা থেকে পরিবেশ রক্ষার নানা কৌশল শেখানো হয়েছে তাদের।
দিনভর এই উৎসবে যোগ দিয়ে রাজধানীর দুই শতাধিক শিশু-কিশোর হাতে-কলমে জেনে নিল কীভাবে নগরে হবে সবুজায়ন, ফেলে দেওয়া তৈজস কুড়িয়ে নিয়ে কীভাবে বানানো যায় দৃষ্টিনন্দন সব উপকরণ।
সিসিমপুর ও লাইট অফ হোপ শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে আয়োজন করেছিল এই পরিবেশ উৎসবের। সকাল ১০টা থেকে শিশু ও অভিভাবকদের পদার্পনে মুখরিত ছিল শিশু একাডেমি প্রাঙ্গণ। সব শিশুর জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে এসে শিশুরা মজাদার উপায়ে নগর পরিকল্পনার নানা কৌশল জানতে পারে।
পরিবেশের যত্ন নেওয়ার কৌশল হিসেবে টিফিনের সময় আনা প্লাস্টিকের পানির বোতল ফেলে না দিয়ে কীভাবে ‘মানি ব্যাংক’ হিসেবে সেটাকে ব্যবহার করা যায় তা সেখানে হয়। এমনি করে চারপাশে ফেলে দেওয়া জিনিসগুলোকে কীভাবে দৃষ্টিনন্দন ঘরের উপকরণে রূপ দেওয়া যায় সেগুলো শেখানো হয়।
কীভাবে গাছ লাগাতে হবে, সে গাছের যত্ন কীভাবে নিতে হবে সে বিষয়গুলোও দেখিয়ে দেওয়া হয় শিশুদের।কীভাবে বিভিন্ন জৈব উপাদান দিয়ে সার তৈরি করা যায়, গাছের জন্য কোন পোকাটি উপকারী, কোনটি ক্ষতিকর তাও বুঝিয়ে দেওয়া হয়।শেষে দেখানো হয় সুদৃশ্য মাটির টব বানানোর কৌশল।
বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা শিশুদের শেখান স্কুল ব্যাংকিং সম্পর্কে।
শিশুদের আনন্দপাঠকে আরও মজার করে তুলতে সিসিমপুর থেকে এসেছিল টুকটুকি, হালুম, শিকু ও ইকরিরা।
আয়োজনে ছিলেন সিসেমি ওয়ার্কশপের গ্লোবাল প্রোডাকশন ডিরেক্টর ভেরোনিকা উল্ফ, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ্ আলম, লাইট অফ হোপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল্লাহ ভুঁইয়া, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান।
ওয়ালিউল্লাহ ভুঁইয়া জানান, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-মেটলাইফ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ২০১৭ সালের ১৯ জুলাই শুরু হয় তাদের প্রকল্প ‘ইচ্ছে জমা করি: পরিবারের আর্থিক ক্ষমতায়ন গড়ি’।
এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, শিশু ও তাদের অভিভাবকদের অর্থনৈতিক জ্ঞান ও দক্ষতা বোঝা, সঞ্চয়, খরচ, ভাগাভাগি ও দানের কৌশল সম্পর্কে মজার মজার সব ধারণা দেওয়া।
ওয়ালিউল্লাহ জানান, প্রকল্পটি বর্তমানে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি স্কুলে বাস্তবায়ন করছে লাইট অফ হোপ। এই প্রকল্পের আওতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৩ থেকে ৮ বছর বয়সী প্রায় ১৬ হাজার শিশু এবং তাদের ৮ হাজার অভিভাবককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতি স্কুল থেকে চারজন করে ১০-১৪ বছর বয়সী সিসিমপুর বন্ধু এবং দুইজন শিক্ষককে সিসিমপুর অ্যাম্বাসেডর হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
