২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানীর সঙ্গে ঢাকায় বেড়াতে এসে তরুণ খুন

রাজধানীর খিলগাঁয়ের নন্দিপাড়ায় ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে, যিনি কয়েক দিন আগে বরিশাল থেকে নানীর সঙ্গে বেড়াতে এসেছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 09:37 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

শুক্রবার সন্ধ্যায় নন্দিপাড়ায় একটি মেলায় আল আমিনের (১৮) ওপর হামলা হয়।

‘পূর্বশত্রুতার’ জেরে এক তরুণ ছুরি দিয়ে আঘাত করলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে আনলে চিকিৎস আল আমিনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আল আমিনরা এক সময় নন্দিপাড়া এলাকায় ভাড়া থাকত। তাদের গ্রামের বাড়ি বরিশাল। আল আমিনের মা বিদেশে থাকে। গত বছর তারা গ্রামে বাড়ি নির্মাণ করে চলে যায়। কয়েক দিন আগে নানীর সঙ্গে সে নন্দিপাড়াতে আত্মীয়ের বাসায় বেড়াতে আসে।”

নানীর বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া বলেন, পূর্বশত্রুতার জেরে স্থানীয় এক তরুণ তার ওপর হামলা করে।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার এসআই আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নন্দিপাড়ায় দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি এক ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছে। আমরা ঘটনার বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছি।”