২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার পর ‘হুমকি পেয়ে’ অভিনেত্রীর জিডি

এক চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে মামলা করে সেই মামলায় সাক্ষ্য দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে আসামি পক্ষের কাছে হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 09:32 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

বুধবার ঢাকার নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়েছিলেন এই অভিনেত্রী; তার মামলাটি চলচ্চিত্র নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার কোতোয়ালি থানায় দায়ের করা এক জিডিতে এই নারী অভিযোগ করেছেন, আগের দিন সাক্ষ্য দিতে আদালতে গেলে তাকে আসামি পক্ষ হুমকি দেয়, মামলা তুলে না নিলে মেরে ফেলা হবে।

কোতোয়ালি থানার এসআই মঞ্জুর মুর্শেদ জিডিটির তদন্তের দায়িত্ব পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন এই নারী।

বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ তুলে এই অভিনেত্রী গত বছরের ১ জুন ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন ‘মুখোশ মানুষ-দ্য ফেক’ চলচ্চিত্রের নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েলের বিরুদ্ধে।

তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ওই বছরের ১৫ জুন কলাবাগান থানার এসআই মো. এনামুল হক ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন। এরপর চলতি বছরের ৩ এপ্রিল ২ নম্বর ট্রাইব্যুনালের বিচারক সফিউল আযমের আদালতে জুয়েলের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

মামলাটি পরে ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য স্থানান্তরিত হয়। বুধবার ওই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়েছিলেন তিনি।

হিন্দু ধর্মাবলম্বী এই নারীর অভিযোগ, ২০১৩ সালে তাকে জোর করে আদালতে নিয়ে একটি হলফনামায় স্বাক্ষর নিয়ে  তাকে ‘বিয়ে’ করেন জুয়েল। তিনি মুসলিম বিয়ের নিয়ম-কানুন জানতেন না। হলফনামাটি যে বিয়ের কাবিননামা নয়, তিনি তা বুঝতে পারেননি। বিয়ে হয়েছে ভেবে তিনি জুয়েলের সঙ্গে সংসার করছিলেন। ২০১৪ সালের জুয়েল তাকে ছেড়ে দেন।

এদিকে জুয়েল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকারের পাশাপাশি বিচ্ছেদের তিন বছর পর ওই নারীর মামলা করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে আসছেন।