২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে এসআইয়ের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

ঢাকার চকবাজার থানার এক উপ-পরিদর্শকসহ সাতজনের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় এক নারীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে আদালতে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 09:25 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমীন চৌধুরীর আদালতে বৃহস্পতিবার এসআই ইব্রাহিম হোসেন নয়নসহ অন্যদের বিরুদ্ধে এই মামলা করেন ওই এলাকার নাজিম উদ্দিন রোডের বাসিন্দা সালমা আক্তার (২২)।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৫ অগাস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন-ওই এলাকার বাসিন্দা মাহবুব, হাজী বাবুল, জামাল উদ্দিন, মিন্টু, শাহীন ও শাহীদ।

আদালতে বাদীপক্ষে আইনজীবী ছিলেন জাহাঙ্গীর হোসেন।

মামলায় বলা হয়, এসআই নয়ন গত ২৩ মে সাদা পোশাকে নাজিম উদ্দিন রোডে বাদী সালমার বাসায় এসে ডাকাডাকি এবং তার দরজায় ধাক্কাধাক্কি করেন। এ সময় নয়নের সঙ্গে বাকি ছয় আসামিও ছিলেন। বাদী দরজা খুললে তার স্বামী রিয়াজকে খোঁজাখুঁজি করতে থাকেন আসামিরা। বাদী তার স্বামীকে খোঁজার কারণ জানতে চাইলে আসামিরা ‘খারাপ আচরণ করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন’।

“আসামি এসআই নয়ন বাদীকে বলেন, দাবিকৃত টাকা না দিলে স্বামীকে (রিয়াজ) একাধিক মাদক মামলার আসামি করা হবে। এ সময় তিনি টাকা দিতে অস্বীকার করলে এসআই নয়ন বাদীর দুই গালে চড়-থাপ্পড় মারে। সঙ্গে থাকা অপর আসামিরাও এ সময় তাকে মরধর করে রক্তাক্ত করে।”

সালমা আক্তার অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনা নিয়ে সালমা আক্তার গত ৯ জুন এসআই নয়নসহ তার সঙ্গীদের বিরুদ্ধে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার বরাবর একটি অভিযোগ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

“২৬ জুন আসামিরা অভিযোগের বিষয়ে জানতে পেরে লাঠিসোটা নিয়ে বাদী ও তার স্বামীকে মারধর এবং অভিযোগ তুলে না নিলে তাদের জীবন নাশের হুমকি দেয়,” বলা হয়েছে এতে।

ওই এসআই ছাড়া অপর আসামিরা বাদীর বাসায় ঢুকে আসবাব ভাংচুর এবং নগদ ৬০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করেন বলেও অভিযোগ করা হয়েছে।