গড় আয়ু আরও বেড়েছে
দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু আরও কিছুটা বেড়ে ৭২ দশমিক ০৫ বছর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
বুধবার ‘স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০১৭’ জরিপের প্রতিবেদন প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকল্প পরিচালক আশরাফুল হক এই তথ্য তুলে ধরেন।
তিনি জানান, পুরুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়ে হয়েছে ৭০ দশমিক ৬ বছর। আর নারীদের হয়েছে ৭৩ দশমিক ৫ বছর।
২০১৬ সালে বিবিএসের জরিপে দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু পাওয়া গিয়েছিল ৭১ বছর ৬ মাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, তখন পুরো বিশ্বে মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭২ বছর।
আইসিডিডিআরবি‘র এমিরেটাস বিজ্ঞানী আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বলেন, গড় আয়ু বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে শিশুমৃত্যুর হার কমে আসা। তাছাড়া দেশে এখন অনেক জটিল রোগের চিকিৎসা হয় বলে মানুষের প্রত্যাশিত গড় আয়ু বাড়ছে।
জরিপের তথ্য তুলে ধরে আশরাফুল হক বলেন, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ আট কোটি ১৪ লাখ; নারী আট কোটি ১৩ লাখ। তরুণ জনগোষ্ঠীর সংখ্যা (যাদের বয়স ১৫ থেকে ৪৯) মোট জনসংখ্যার ৫৪ দশমিক ১ শতাংশ।
ব্যুরোর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে জানানো হয়, মানুষের প্রত্যাশিত আয়ু দেশে প্রতিবছর গড়ে শূন্য দশমিক ৩২ বছর করে বাড়ছে। ২০১৭ সালে দেশে স্থূল জন্মহার ছিল প্রতি হাজারে ১৮ দশমিক ৫। আর স্থূল মৃত্যুহার ছিল প্রতি হাজারে ৫ দশমিক ১।
স্বাক্ষরতার হার ২০১৬ সালে যেখানে ৭১ শতাংশ ছিল, পরের বছর তা বেড়ে ৭২ দশমিক ৩ শতাংশ হয়েছে। পুরুষদের ক্ষেত্রে স্বাক্ষরতার হার যেখানে ৭৪ দশমিক ৩ শতাংশ, সেখানে নারীদের মধ্যে তা ৭০ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পুরুষের ক্ষেত্রে প্রথম বিয়ের গড় বয়স কমে আসছে। ২০১৫ সালে যেখানে ২৫ দশমিক ৩ বছর ছিল, ২০১৬ সালে তা কমে ২৫ দশমিক ২ বছর এবং ২০১৭ সালে তা আরও কমে ২৫ দশমিক ১ বছর হয়েছে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে প্রথম বিয়ের গড় বয়স ২০১৩ সালে ছিল ১৮.৪ বছর, এখনও তা একই রকম আছে।
দশ বা তার কম বয়সীদের বাদ দিয়ে দেশের জনসংখ্যার ৩৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ২৬ দশমিক ২ শতাংশ নারী অবিবাহিত; ৫৯ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৬৩ দশমিক ৩ শতাংশ নারী বিবাহিত এবং ১ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ১০ দশমিক ৫ শতাংশ নারী বিপত্নীক/বিধবা, তালাকপ্রাপ্ত বা বিচ্ছিন্ন থাকছেন।
পরিসংখ্যান ব্যুরো বলছে, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হারে তেমন হেরফের হয়নি। শহর অঞ্চলে ৬৬ দশমিক ৩ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৫৯ দশমিক ৪ শতাংশ নারী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছেন।
২০১৭ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি হাজারে ৯ জন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। ট্যাপ বা নলকূপের পানি পায় ৯৮ শতাংশ খানা, ৮৫ দশমিক ৮ শতাংশ খানা বিদ্যুৎ পায়। আর ৭৬ দশমিক ৮ শতাংশ খানার বাসিন্দারা স্যানিটারি টয়লেট ব্যবহারের সুযোগ পায়।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে ৭ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হলেও চূড়ান্ত হিসাবে তা ৭ দশমিক ৭ থেকে ৭ দশমিক ৮ শতাংশ হতে পারে।
তিনি বলেন, “আমরা এখন সমন্বিত উন্নয়ন করছি। এ উন্নয়নে দেশের সাধারণ মানুষের অবদান সবচেয়ে বেশি। সারা বিশ্ব এখন আমাদের সমীহ করে।”
