অল্প জায়গায় বহু লোক বলে রোহিঙ্গারা অপরাধে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘অল্প জায়গায় বহু মানুষের বসবাসের কারণে’ রোহিঙ্গারা মাদকসহ নানা অপরাধে জড়িত হয়ে পড়ছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তার ভাষ্য মতে, আগে থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারাও নতুন করে আসা এই জনগোষ্ঠীর সদস্যদের অপরাধের দিকে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
তিনি জানান, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প মাদক ও অস্ত্রমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারির পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল (ফাইল ছবি)
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊ শৈ সিং বলেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বর্তমানে পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে। তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বিদ্যমান রয়েছে।”
