রাষ্ট্রপতির সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার বিকেলে নতুন সেনাবাহিনী প্রধান বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় নতুন সেনাপ্রধান তাকে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে এসময় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।”
নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আজিজ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী আরও এগিয়ে যাবে।
দেশে-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর সুনামের কথা তুলে ধরে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ প্রত্যাশা করেন, সামনের দিনগুলোতে সেনাবাহিনী যাতে নিজেদের মর্যাদা আরও পেশাদারিত্বের সাথে তুলে ধরতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেবেন নতুন সেনাপ্রধান।
রাষ্ট্রপতি এসময় নতুন সেনাপ্রধানকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে আজিজ আহমেদকে জেনারেলের র্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌ ও বিমানবাহিনীর দুই প্রধান।
গত ১৮ জুন আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। সোমবার তিনি দায়িত্বভার বুঝে নেন।
