নির্বাচন বন্ধের দাবি হাসান সরকারের
অনিয়ম, কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
মঙ্গলবার সকাল ৮টায় এ সিটির ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরুর পর বেলা ১টায় জয়দেবপুরে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি।
পরে ভোট বন্ধের দাবি সম্বলিত লিখিত অভিযোগ নিয়ে ধানের শীষের প্রার্থী বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।
হাসান সরকার সাংবাদিকদের বলেন, “শতাধিক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেককে মারপিট করেছে সরকারি দলের লোকেরা। সেখানে সিল মারা ও জাল ভোট দেওয়া হয়েছে।
"এসব অনিয়মের কারণে আমি এই নির্বাচন বন্ধের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দিচ্ছি।"
নির্বাচন বর্জন করবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, “নির্বাচন বর্জনের প্রশ্নই আসে না। আমি শেষ পর্যন্ত লড়াই করব। জনগণকে এবং বিশ্ববাসীকে এসব অনিয়ম জানাতেই আমি ভোট বর্জন না করার সিদ্ধান্ত নিয়েছি।”
একজন ‘মুক্তিযোদ্ধা হিসেবে’ তাকে সংবাদমাধ্যম ও ভোটার সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান সরকার।
শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ সিইসির
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
ভোট চলাকালে মঙ্গলবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠক শেষে বেরিয়ে এসে আলাল সাংবাদিকদের বলেন, “খুলনা সিটি নির্বাচনের মত গাজীপুর সিটি নির্বাচনের শুরু থেকেই সেখানকার পুলিশ সুপারকে আমরা প্রত্যাহার করতে বলেছিলাম। কিন্তু তারা আমলে নেননি।…
“গাজীপুরের পুলিশ সুপার, তার নেতৃত্বে জ্যাকেট পড়া ডিবি পুলিশ সেখানে আজকে চূড়ান্ত রুদ্রমূর্তি ধারণ করেছেন। আমাদের অভিযোগ গাজীপুরের রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি। সে কথাটিই মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি।”
বিএনপি ইসির কাছে সহায়তা পাচ্ছে না অভিযোগ করে আলাল বলেন, “ইসির মোবাইল টিম, মনিটরিং টিম থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের প্রতিনিধিরা কোনো উত্তর পাচ্ছে না। তারা বলে- ‘রিটার্নিং অফিসারকে বলুন’।
“এখানেও মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের একই পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা মাঠে থাকেন, প্রিজাইডিং অফিসারকে বলেন, রিটার্নিং অফিসারকে বলেন। আর আপনাদের লোকদের বলেন যেন শেষ পর্যন্ত মাঠে থাকেন।”
সিইসির পরামর্শে আশ্বস্ত হতে পেরেছেন কি না জানতে চাইলে এই বিএনপি নেতা বলেন, “আমরা আশ্বস্ত হতে পারিনি। তবে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স এ সময় মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে ছিলেন।
