নিয়োগ জালিয়াতি: পবার ৩ কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা
রাজশাহীর পবা উপজেলার একটি কলেজে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার নগরীর কর্নহার থানায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল করিম এ মামলা করেন বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
আসামিরা হলেন- পবার দারুশা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, জাল সনদে নিয়োগ পাওয়া কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জাফরীন আলম এবং নিয়োগ কমিটির বিষয় বিশেষজ্ঞ ও রাজশাহী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক এএসএম আলী আকবর (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
প্রণব কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে জাল নথিপত্র তৈরি করে জাফরীন আলমকে দারুশা কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দেন।
এরপর এমপিওভুক্তির মাধ্যমে ২০০২ সালের ৬ এপ্রিল থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা বাবদ ১৯ লাখ ৯৭ হাজার ৬৯৪ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪০৯, ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলা অভিযোগ করা হয়।
