২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানববন্ধন থেকে লেখক-প্রকাশক বাচ্চুর খুনিদের গ্রেপ্তার দাবি

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 07:43 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের আয়োজনে সোমবার দুপুরে এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন। শাহজাহান বাচ্চুর খুনিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে মুন্সীগঞ্জে বিভিন্ন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদও জানানো হয়।

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু বলেন, “মুন্সীগঞ্জের প্রশাসন সাংবাদিকের উপর হামলাকারীদের প্রশ্রয় দিচ্ছে বলেই সাংবাদিকদের উপর একের পর এক হামলা চলছে। অন্যদিকে মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুর হত্যাকারীদের এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই অবস্থায় স্থানীয় সাংবাদিকেরা আতঙ্কের মধ্যে পেশাগত দায়িত্ব পালন করছে।”

গত ১১ জুন সন্ধ্যায় শাহজাহান বাচ্চুকে তার গ্রামের বাড়ির মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদিতে গুলি চালিয়ে হত্যা করা হয়। এর পেছনে জঙ্গিরা রয়েছে বলে পুলিশের ধারণা।

তার আগে ৬ জুন দুপুরে বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাসুদ খান মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়াতে মাদকসেবীদের হামলায় আহত হন।

এছাড়া দুর্বৃত্তের হামলার শিকার হন মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অধীর রাজ বংশী।

জাহাঙ্গীর খান বলেন, “সারাদেশে যখন মাদকবিরোধী অভিযান চলছে, তখন কোন সাহসে মাদকসেবীরা একজন সাংবাদিকের উপর হামলা করার সাহস পায়?”

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য স্বপন দাস গুপ্ত, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি রাজু আহমেদ, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহাদাৎ রানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা অমিয় ঘটক পুলক উপস্থিত ছিলেন।