হাসান সরকারের আবেদনে হাই কোর্টের রুল
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সময়কালে ধানের শীষের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সমর্থক, এজেন্ট ও বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার না করার নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়েছে হাই কোর্ট।
হাসান সরকারের একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গাজীপুরে ভোটগ্রহণের আগের দিন সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই রুল দিয়েছে।
রুলে জানতে চাওয়া হয়েছে, গ্রেপ্তার, রিমান্ড ও গ্রেপ্তার দেখানো সংক্রান্ত আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সমর্থক, এজেন্ট ও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার না করার নির্দেশ কেন দেওয়া হবে না?
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি), মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার, গাজীপুরের পুলিশ সুপার এবং টঙ্গী ও গাজীপুর থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর যুক্ত করে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে হাসান সরকার গত ৩১ মে রিট আবেদনটি করেছিলেন।
আবেদনের পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী সানজিদ সিদ্দিকী ও এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে ‘ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দিয়েছে’ হাই কোর্ট।
তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সেকথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আদালতের কাছ থেকে এমন কোনো নির্দেশ তিনি পাননি।
বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি সোমবারই এক নির্দেশনায় গাজীপুরের পুলিশ সুপারকে বলেছে, বিনা পরোয়ানায় বিএনপির কোনো নেতাকর্মীকে যেন ভোটের আগে গ্রেপ্তার করা না হয়।
