অনিয়ম করলে কড়া ব্যবস্থা: রিটার্নিং কর্মকর্তা
প্রার্থী, সমর্থক কিংবা আইনশৃঙ্খলা বাহিনী- যেদিক থেকেই অনিয়ম হোক না কেন, কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ার করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
ভোটের আগের দিন সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “যদি কেউ নির্বাচনে অন্যায়-অনিয়ম করে তাদের বিরুদ্ধে আমাদের কড়া মেসেজ দেওয়া হয়েছে, নির্বাচনের কাজে যদি বিঘ্ন সৃষ্টি করে, সে প্রার্থী হতে পারে বা সমর্থক হতে পারে, ... বা কোনো অফিসিয়াল হতে পারে, তাদের বিরুদ্ধে আমরা আমরা কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
সিটি করপোরেশনের নতুন মেয়র ও কাউন্সিলর বেছে নিতে মঙ্গলবার ভোট দেবে গাজীপুরবাসী। ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন ভোটারের ভোট নিতে ৪২৫টি কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সাতজন মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার নগরীর বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়। এরপর প্রিজাইটিং অফিসার ও ভোটিং কর্মকর্তা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সহযোগিতায় সেগুলো নিয়ে যান কেন্দ্রে কেন্দ্রে।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন অডিটোরিয়ামের দোতলায় নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ভোট করতে ইতোমধ্যে সব প্রস্তুতি তারা গুছিয়ে এনেছেন।
নির্বাচন সুষ্ঠু করার জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি বিজিবি, র্যাব ও পুলিশের প্রায় ১৩ হাজার সদস্য মোতায়েন থাকবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফিফটি পার্সেন্ট মহিলা ভোটার, তারা যেন ভোটগ্রহণের দিন বাড়িতে বসে না থাকে, সেজন্য আমরা ব্যবস্থা করেছি। আমি মনে করি, এই নির্বাচনের মাধ্যমে পরিবর্তীতে একটি সুন্দর মেসেজ যাবে, সংসদ নির্বাচন যাতে ভালো হয় সে ব্যাপারে।”
এক প্রশ্নের উত্তরে রকিব মণ্ডল বলেন, “আমরা বিভিন্নভাবে প্রার্থীদের মিটিংয়ে বলেছি, কোনো ধরনের গুজব-অনিয়ম করা যাবে না। ভোটারদেরকে আমরা বারবার বলেছি, বিভিন্ন সাক্ষাৎকারে এবং বিভিন্ন লিফলেট, হ্যান্ড বিল এবং মাইকিং করে বিভিন্ন তথ্য ও ভোট দেওয়ার প্রক্রিয়াগুলো জানানো হয়েছে… নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে।”
তিনি বলেন, “গাজীপুর হল শিল্প এলাকা। শিল্প এলাকার ফিফটি পার্সেন্ট ভোটার। এসব এলাকার ভোটাররা যাতে ভোট দিতে পারে, সেজন্য বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এবং অন্যান্য অফিস-আদালতও বন্ধ থাকবে, যাতে সকল ভোটার নির্বিঘ্নে তাদের ভোট কাস্ট করতে পারে।”
পুলিশ বাহিনীর সঙ্গে সভাতেও ‘কড়া বার্তা’ দেওয়া হয়েছে জানিয়ে রকিব মণ্ডল বলেন, “আমরা স্পষ্ট বলে দিয়েছি, প্রশাসন বা কোনো কর্তৃপক্ষ যদি নির্বাচনে বাধার সৃষ্টি করে, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, আমরা কাউকে ছাড় দেব না। আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
পুলিশ বিএনপি কর্মীদের ‘নির্বিচারে গ্রেপ্তার এবং ভয়ভীতি দেখাচ্ছে’ এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে যে অভিযোগ দলটির প্রার্থী হাসান উদ্দিন সরকার করে আসছেন- সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
জবাবে তিনি বলেন, “তারা অভিযোগ করলে আমরা সাথে সাথে আমলে নিচ্ছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে এবং মৌখিকভাবে অবহিত করছি। তদপুরি কমিশনে আমরা চিঠি দিচ্ছি। কমিশন থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।
“কালকে পুলিশ সুপারকে লেখা একটি চিঠি আমরা পেয়েছি, যাতে বলা আছে, ফেরারি ছাড়া কাউকে বিনা কারণে হয়রানি করা যাবে না। এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না। সে বিষয়টি আমরা প্রার্থী হাসান সরকারকেও জানিয়েছি, অন্য প্রার্থীদেরও জানিয়েছি। পুলিশ সুপারকেও জানিয়েছি, যাতে সবাই সচেতন থাকে।”
সব মিলিয়ে গাজীপুরবাসীকে একটি ‘সুন্দর নির্বাচন’ উপহার দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা।
গাজীপুরে ৪২৫টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেবে নির্বাচন কমিশন। এছাড়া তিনটি কেন্দ্রে বসানো সিসি ক্যামেরা থেকে সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় নজর রাখতে পারবে নির্বাচন কমিশন।
সকালে ভোটের সরঞ্জাম বিতরণের সময় জয়দেবপুর এলাকার বঙ্গতাজ অডিটোরিয়ামে ছিল দারুণ ব্যস্ততা। নির্বাচন কমিশন থেকে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালিসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছিল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে।
ভোটের সরঞ্জাম গ্রহণের পর একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন এগুলো নিয়ে আমাদের কেন্দ্রে যাব। সেখানে গিয়ে ভোট কক্ষ তৈরিসহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করব। এরপর আমরা সেখানে রাতে অবস্থান করব।”
ভোটগ্রহণের স্বার্থে আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
