ঈদের ট্রেন দেরির বৃত্তেই
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা শেখ মোহাম্মদ সাঈদুল্লাহ পরিবার নিয়ে যাবে নওগাঁর ধামুইরহাটে। শুক্রবার জয়পুরহাট যেতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকেট কিনেছিলেন তিনি। ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা। কিন্তু বেলা ১১টা পর্যন্ত সেটি প্ল্যাটফর্মে এসেই পৌঁছায়নি।
শুক্রবার সকাল ১১টায় ঢাকায় কমলাপুর স্টেশনে বসে রেলওয়ের মোবাইল অ্যাপ খবর নিয়ে সাঈদুল্লাহ জেনেছেন, ট্রেনটি ঢাকার পথে গাজীপুরের মৌচাক স্টেশন পার হচ্ছে।
কমলাপুর স্টেশনে এসে সেটি কখন ছাড়বে তা নিয়ে অনিশ্চয়তায় থাকা সাঈদ স্টেশন ম্যানেজারের কাছে টিকেট ফেরত দিতে এলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় তার।
বাড়ি যাওয়ার সিদ্ধান্তই বদলেছেন জানিয়ে সাঈদুল্লাহ বলেন, “এই ট্রেন কমলাপুর এসে আবার ছাড়তে ১টা বেজে যাবে। সেটা জয়পুরহাট যাবে মাঝরাতে। সেখান থেকে ধামুইরহাট যাওয়ার কোনো গাড়ি পাব না। এজন্য এবার ঈদে বাড়ি যাওয়া ক্যান্সেল করেছি। টিকেটটা ফেরত দিতে এসেছি।”
ট্রেন আসতে দেরি তাই অনেকেই প্লাটফর্মে অলস সময় পার করছে। ছবি: মাহমুদ জামান অভি
প্রতি ঈদের আগেই কমলাপুর থেকে বিভিন্ন রুটের ট্রেন দেরি করে। কোনো কোনো ট্রেনের পাঁচ থেকে ছয় ঘণ্টাও দেরি হয়। এবারও ঈদযাত্রার শুরুর দিন থেকে ট্রেনে দেরি অব্যাহত রয়েছে।
শুক্রবার রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছেড়ে যাওয়ার সময় ভোর ৬টায়; এটি কমলাপুর স্টেশনেই আসে বেলা সাড়ে ১০টায়, পৌনে ১১টায় ট্রেনটি যাত্রী নিয়ে কমলাপুর ছেড়ে যায়।
চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বেলা ১১টা পর্যন্ত কমলাপুর আসেনি। বেলা সাড় ১২টায় ছাড়ার নতুন সময় দিয়েছে রেলওয়ে।
একই অবস্থা রংপুর এক্সপ্রেসেরও, এটির ছাড়ার কথা সকাল ৯টায়। বেলা ১১টা পর্যন্ত আসেনি। এই ট্রেন ছাড়ার পরবর্তী সময় দেওয়া হয় দুপুর ১২টা ৪০ মিনিট। কিন্তু ট্রেনটি ছাড়ে দুপুর সোয়া ২টায়।
লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেন ছাড়ার কথা সকাল সোয়া ৯টায়। এই ট্রেন দুপুর ২টায় ছাড়ার সময় দিয়েছিল রেলওয়ে। কিন্তু ট্রেনটি ছাড়ে পৌনে ৩টায়।
এছাড়া খুলনাগামী সুন্দরবন এক ঘণ্টা ৩০ মিনিট, তিস্তা এক্সপ্রেস ৩০ মিনিট, চট্টগ্রামের মহানগর প্রভাতী ৩৫ মিনিট দেরিতে ছেড়েছে। একতা এক্সপ্রেস সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় ছেড়ে গেছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস বেলা সাড়ে ১০টায় ছাড়তে পারেনি।
সিলেটের পারাবত এক্সপ্রেস ঠিক সময়ে কমলাপুর ছাড়লেও বিমানবন্দর স্টেশনে গিয়ে বিকল হয়ে পড়ে। ত্রুটি সারিয়ে এক ঘণ্টা পর এটি রওনা হয়।
রাজশাহীর সিল্কসিটি এক্সপ্রেস ২টা ৪০ মিনিটে ছাড়ার কথা, নির্ধারিত সময়ে স্টেশনে এসে পৌঁছায়নি ট্রেনটি। এটি বেলা তিনটা ৫৫ মিনিটে ছাড়ার কথা জানিয়েছে রেলওয়ে।
দুপুর আড়াইটার দিকে কমলাপুর স্টেশনের নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি।
তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের প্রচেষ্টা ছিল মানুষ যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে। যা দেখলাম গত দুদিন ধরে যাত্রীদের যে চাপ ছিল, তা অনেকটা কমে গেছে। আমার কাছে মনে হচ্ছে, সব কিছু মিলিয়ে এবার মানুষ স্বস্তিতে তাদের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উৎসব পালন করতে পারবে।”
সময়মতো ট্রেন না পেয়ে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। প্ল্যাটফর্মে অপেক্ষা করতে করতে অনেকে অবসন্নও হয়ে পড়েন। নারী ও শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি। অনেককে প্ল্যাটফর্মে শুয়ে থাকতেও দেখা গেছে।
রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী সায়মা খাতুন বলেন, “ভোর ৬টায় ট্রেন ছাড়বে, এজন্য ৫টায় চলে এসেছি। কিন্তু ট্রেন আসছে সাড়ে ১০টায়।
“ট্রেন আসার আর আরও ঝামেলা। সবাই একসঙ্গে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। খুউব, খুউব ভোগান্তিতে পড়ে গেছি।”
প্লাটফর্মে ট্রেন নেই আসতে সময় লাগবে কিন্তু মানুষের সঅপেক্ষার শেষ নেই। ছবি: মাহমুদ জামান অভি
মিনহাজুল বলেন, প্রতিবছরই এসব ট্রেন দেরি করে ছাড়ে।
“রংপুর যাব আগে। সেখান থেকে আবার যেতে হবে উলিপুর। এখনও ট্রেন ছাড়েইনি। কখন রংপুর যাব, সেখান থেকে বাড়ি যাব, বুঝতে পারছি না।”
প্রতি ঈদের আগেই ট্রেন দেরিতে ছাড়লেও রেলওয়ে কোনো উদ্যোগ নেয় না বলে অভিযোগ করেন রংপুর এক্সপ্রেসের যাত্রী খায়রুল ইসলাম।
“আমি গত পাঁচ বছর প্রতি ঈদে ট্রেনে করে বাড়ি যাই। ঈদের আগে প্রতিদিনই ট্রেনগুলো দেরি করে ছাড়ে। এতে আমরা যে কি কষ্ট করি, তা বলে বোঝানো যাবে না। কিন্তু রেলওয়ে কোনো বিকল্প দিতে পারেনি। এটা তাদের ব্যর্থতা।”
ট্রেনগুলো ঢাকায় ফিরতে দেরি করায় তা ছাড়তেও দেরি হচ্ছে বলে জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী।
প্লাটফর্মে ট্রেন নেই আসতে সময় লাগবে কিন্তু মানুষের সঅপেক্ষার শেষ নেই। ছবি: মাহমুদ জামান অভি
ঈদের সময় বিকল্প কোচ-ইঞ্জিন রাখলে মানুষের কষ্ট কমত বলে মনে করেন ইউলিভারের কর্মকর্তা সারোয়ার হোসেন সজীব; লালমনি ঈদ স্পেশাল ট্রেনের জন্য কমলাপুরে অপেক্ষায় ছিলেন তিনি।
“আমি যে ট্রেনে ওঠার জন্য সকাল ৮টায় এখানে এসে বসে আছি, সেটা এখনও প্ল্যাটফর্মেই আসে নাই। কখন আসবে তাও জানি না। রেলওয়ের উচিত বিলম্বে আসা ট্রেনগুলোর বিকল্প তৈরি করা। বিশেষ করে ঈদের সময় যেসব ট্রেন দেরি করবে, সেসব ট্রেনের যাত্রীদের অন্য একটি ট্রেনে পাঠিয়ে দেওয়া হবে।”
বিকল্প ট্রেন রাখা যায় কি না- জানতে চাইলে সিতাংশু বলেন, অতিরিক্ত বগি-ইঞ্জিন থাকলে সমস্যা সমাধান করা যেত।
“একটা ট্রেন গন্তব্যে গিয়ে আবার ফিরে আসে। আবার এটাকেই আমরা পাঠাই। বিকল্প কোনো রেক নাই। বিকল্প রেক থাকলে আমরা সেটা চালাতে পারতাম। এখন এটা দিয়েই যদ্দুর পারছি মানুষকে সেবা দিচ্ছি।”
