২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়শ ছিন্নমূল শিশু পেল ঈদের জামা

ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে দিতে রাজধানীর তেজগাঁও রেললাইন বস্তিতে ছিন্নমূল শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 05:12 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

বৃহস্পতিবার সকালে মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের সদস্যরা দেড়শ শিশুর হাতে নতুন পোশাক তুলে দেন।

‘শুক্রবার চাঁদ উঠলে শনিবার ঈদ’ এমন এক মুহূর্তে নতুন পোশাক পেয়ে খুব খুশি এসব শিশুরা।

নতুন জামা নিতে আসা শিশু আকলিমার মা ছলছল চোখে বলেন, “আর একদিন পরে ঈদ। ওর বাবা নেই,  আমি বাসায় কাজ করে যে টাকা পাই তাতে বাসা ভাড়া দিয়া আর টাকা থাকে না। কোলের ছোট্ট মাইমুনার জন্য একটা জামা আনলেও আকলিমার জন্য এখনো কেনা হয়নি নতুন জামা।

“তবে এই জামা পেয়ে আকলিমা যে কত্ত খুশি হয়েছে আপনারাই দেখেন।”

নতুন জামা পেয়ে আকলিমার মত রাসেল, হিরন, জালিছ, নুরিদের চোখেমুখেও ছিল  ঈদের হাসি।

এই উদ্যোগ নিয়ে স্বেচ্ছাসেবী  সংগঠন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট এম এম বাদশাহ্ বলেন, “শিশুদের মুখে এমন নিষ্পাপ হাসি ফোটানোর কথা চিন্তা করেই ২০০৯ সালের অক্টোবর মাসে এক সান্ধ্যকালীন আড্ডায় শুরু হয়েছিল মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের পথচলা ।

“এরপর থেকে প্রতিবছরই ঈদের সময়ে নতুন পোশাক দেয়ার কাজটি করছি।”

সংগঠনের প্রত্যেক সদস্য ঈদের খরচ সাশ্রয় করে তহবিল তৈরি করেন, সেই টাকায় কেনা হয় ছিন্নমূল শিশুদের জন্য নতুন জামা, জানালেন সংগঠনটির সদস্যরা।

ছিন্নমূল শিশুদের জন্য পোশাক বিতরণের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, মমিন হোসেন, সাধারণ সম্পাদক এফ এম বায়জিদ, প্রচার সম্পাদক মো. শাহজালাল এবং কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা।