বিসিএস উত্তীর্ণদের নন-ক্যাডার নিয়োগে সুপারিশ দিতে কমিটি
বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে কীভাবে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ দিতে একটি কমিটি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (বিধি) আহ্বায়ক করে সাত সদস্যের এই কমিটি গঠনের গেজেট সম্প্রতি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন); মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন করে যুগ্মসচিব এবং সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব বা সমপর্যায়ের একজন কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৫) কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না তাদের ৯ম থেকে ১২তম গ্রেডের বেতন কাঠামোতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়ে কমিটিকে সুনির্দিষ্ট প্রস্তাব বা সুপারিশ দিতে বলা হয়েছে।
পিএসসি বলছে, বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে মেধাক্রম ও কোটা পদ্ধতির ভিত্তিতে বর্তমানে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বিভিন্ন নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড বা দ্বিতীয় শ্রেণির পদে কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে মেধাতালিকা, চাকিরর মর্যাদা ও বেতন স্কেলের বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করে কমিটি একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রস্তুত করবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণায়ের মতামত সংগ্রহ করে প্রাপ্ত মতামত এবং গত ২৭ মার্চ অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় পাওয়া মতামতগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কমিটিকে সুপারিশ তৈরি করা বলা হয়েছে।
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।
বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।
বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদেরকে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।
এদের আবেদনের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। তবে অনকে সময় বেতন স্কেলে বৈষম্যের কথা জানিয়ে অনেকেই চাকরিতে যোগ দেন না।
