২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬তম বিসিএস: প্রাথমিকে ২৩ জনকে প্রধান শিক্ষক নিয়োগ

ছত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ২৩ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 01:26 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্যান্য ডকুমেন্টসের সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

এছাড়া চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের স্বাস্থ‌্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাই করবে সরকার।

প্রাথমিকে প্রধান শিক্ষক হিসেবে ২৩ জনকে নিয়োগের সুপারিশের মধ্য দিয়ে ৩৬তম বিসিএসে উত্তীর্ণদের দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ শেষ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৩৬তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার জন্য এদের মধ্যে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।

বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।

৩৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে এর আগে কয়েকশ প্রার্থীকে প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদেরকে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়েছিল।

এসব আবেদনকারীর মধ্য থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হল।

 

পুরনো খবর:

এক-চতুর্থাংশ প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়া