ঢাকায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ঢাকার সবুজবাগে ছুরিকাঘাতে মারা গেছেন এক যুবক।
পালিয়ে যাওয়ার সময় চোরের ছুরিকাঘাতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম রাহাত মিয়া (২৪)। তার বাসা মাদারটেক নতুন রাস্তা এলাকায়। রাহাতের বাবার নাম বাবুল মিয়া।
সবুজবাগ থানার এসআই জহিরল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার প্রথম প্রহরে রাহাতদের বাড়িতে চোর ঢুকেছিল। বাড়ির লোকজন টের পেয়ে চোরকে ধাওয়া করে। এ সময় চোর রাহাতকে ছুরি মেরে পালিয়ে যায়।
বাড়ির লোকজন রাহাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহাত।
