তথ্য কমিশনকে আরও সক্রিয় হতে বললেন রাষ্ট্রপতি
তৃণমূলসহ সব স্তরের নাগরিকরা যাতে তথ্য সহজে পেতে পারে সেলক্ষ্যে তথ্য কমিশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে বঙ্গভবনে কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
প্রতিনিধি দল কমিশনের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, তথ্য পাওয়া মানুষের একটি অন্যতম অধিকার। জনগণ যাতে তাদের চাহিদা মতো তথ্য পায় সেজন্য তথ্য কমিশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।”
তথ্য অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
রাষ্ট্রপতি আরও বলেন, জনগণ সচেতন হলে তারা তথ্য পেতে আরও আগ্রহী হবে। তথ্য অধিকার বাস্তবায়ন হলে সমাজ থেকে দুর্নীতি হ্রাস পাবে।
পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বাড়ানোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
