২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, মা আহত

রাজধানীর উপকণ্ঠে সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি শিশু, আহত হয়েছে তার মা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 06:42 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

বুধবার ভোরে সড়ক পার হওয়ার সময় মা-ছেলে দুর্ঘটনায় পড়েন বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত শিশু হৃদয়ের বয়স এক বছর। তার মায়ের নাম মৌসুমী আক্তার (২৫)। তাদের বাড়ি ময়মনসিংহে।

শিশুটির মামা টোটন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ দিন আগে সাইনবোর্ড এলাকায় তার বাসায় ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিলেন মৌসুমী।

“ভোরে ময়মনসিংহে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক মৌসুমীকে ধাক্কা মেরে পালিয়ে যায়।”

ওই সময় মৌসুমীর কোলে ছিল হৃদয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে মৌসুমীকে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।