২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জি-৭ আউটরিচে যোগ দিতে কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী

জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার কানাডার উদ্দেশে দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 01:50 AM

Updated : 19 Aug 2022, 02:09 PM

বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। একেই বলা হয় জি-সেভেন আউটরিচ মিটিং।    

আগামী ৯ জুন কুইবেকে অনুষ্ঠেয় ওই আউটরিচ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকটি দেশের সরকারপ্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৬ সালে জাপানে এবং ২০০১ সালে ইতালিতে এই সম্মেলনে যোগ দেন। এবার তৃতীয় দফায় এই বৈঠকে অংশ নেবেন তিনি।

উন্নয়ন দেশের নেতা হিসেবে তৃতীয় বার তার এই সম্মেলনে অংশগ্রহণকে ‘নজিরবিহীন’ বলছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, “এটা বিশ্ব শান্তি ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতি।”

জলবায়ু পরিবর্তন, নারী ও শিশু বিষয়ক এবং ব্লু ইকোনোমি নিয়ে ‘তার (শেখ হাসিনার) চিন্তা-ভাবনা, দর্শন ও কর্মকাণ্ডেরও স্বীকৃতি এটা’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

কানাডা ছাড়া জি-সেভেনের বাকি ছয় সদস্য দেশ হল ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এবার আউটরিচ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও জি টোয়েন্টি জোটের বর্তমান সভাপতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট; ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ার হাইতির প্রেসিডেন্ট; জ্যামাইকার প্রধানমন্ত্রী; কেনিয়ার প্রেসিডেন্ট; মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট; নরওয়ের প্রধানমন্ত্রী; আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ার রুয়ান্ডার প্রেসিডেন্ট; সেনেগালের প্রেসিডেন্ট; সেশেলসের প্রেসিডেন্ট; দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট; ভিয়েতনামের প্রধানমন্ত্রী; আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর এমডি; অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সেক্রেটারি জেনারেল; জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের ফাঁকে অন্যদের দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

সেখানে বঙ্গবন্ধুর খুনি দণ্ডিত নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়েও প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে জানান তিনি।

সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি-প্রতিপাদ্য নিয়ে এবার আউটরিচ সম্মেলন হবে।

সফর শেষে ১২ জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।