২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদে নেতৃত্বে পরিবর্তন

দেড় যুগ ধরে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র আহ্বায়ক ও সভাপতি পদে থাকা ৪৭ বছর বয়সী আইনজীবী শহিদুল ইসলাম টিটুকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 11:10 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

এছাড়া আইনের শিক্ষার্থী না হওয়ায় এবং দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডে না থাকায় সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লাকেও অব্যাহতি দেওয়া হয়েছে এক বর্ধিত সভায়।

ওই সভায় মো. নাজিমকে সভাপতি ও নোমান হোসাইন তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে বলে সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্র ও বিভিন্ন ইউনিটের প্রায় ৫০০ প্রতিনিধির অংশগ্রহণে ১ জুন এই সিদ্ধান্ত হয়। সভাপতি পদে থাকা শহিদুল ইসলাম টিটু ১৭ বছরের মধ্যে গত দুই বছর ধরে বিদেশে অবস্থান করছেন। তার বিদেশে অবস্থানের কারণে এবং ১৭ বছর ধরে পদ আঁকড়ে থাকায় সৃষ্ট অচলাবস্থা কাটাতে মো. নাজিমকে পরবর্তী সম্মেলন পর্যন্ত সভাপতি হিসেবে দয়িত্ব দেওয় হয়েছে।

“একইসঙ্গে সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা আইনের শিক্ষার্থী না হওয়ায় এবং দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডে না থাকায় নোমান হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।”

জানতে চাইলে নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদ একীভূত হয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ হয়েছে। সে কারণে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ও আওয়ামী আইন ছাত্র পরিষদকেও একীভূত করা প্রয়োজন।

“এ দুই সংগঠনকে একীভূত করে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ করার পদক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের আইন সম্পাদককে বর্ধিত সভার সিদ্ধান্ত জানানো হয়েছে।”

নোমান বলেন, “এ পরিস্থিতিতে সংগঠনের অস্তিত্ব রক্ষা এবং গঠনতন্ত্রের বিধান সমুন্নত রাখতে সবার মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছ।’

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ১৯৯৬ সালের ২৯ মার্চ গঠিত হয়। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০২ সালে সংগঠনের আহ্বায়ক হন টিটু। ২০১৩ সালে সম্মেলনের মাধ্যমে তিনিই আবার সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে জানতে অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লাকে ফোন দেওয়া হলে তিনি তা ধরেননি।