২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইদুলের আসনে ২৫ জুলাই ভোটের চিন্তা

জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের উপ-নির্বাচন ২৫ জুলাই করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 10:33 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

গত ১১ মে ৭৫ বছর বয়সে মারা যান এ রাজনীতিক। অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

ইসির উপ সচিব ফরহাদ হোসেন জানান, ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে ইসি সচিবালয়ের প্রস্তাব পর্যালোচনা করে কমিশন তারিখ চূড়ান্ত করবে।

১০ জুন এ উপ-নির্বাচনের তফসিল জানাবে কমিশন।

নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, ৩ সিটি নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়ায় ৩০ জুলাইয়ের আগে উপ-নির্বাচনের তারিখ প্রস্তাব করা হয়েছে। কারণ, অগাস্টের শুরু থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে হাত দেবে ইসি।

সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৪ জুন, মনোনয়নপত্র বাছাই ২৬ জুন, প্রত্যাহারের শেষ সময় ৩ জুলাই এবং ভোটের তারিখ ২৫ জুলাই প্রস্তাব করা হয়েছে।

পেশায় ব্যবসায়ী মাঈদুল ইসলাম ছয় বার কুড়িগ্রাম-৩ আসনের  জনপ্রতিনিধি হিসেবে সংসদে এসেছিলেন। জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ সরকারের মন্ত্রিসভাতেও তিনি দায়িত্ব পালন করেন।

কুড়িগ্রাম উপ নির্বাচনের দিন স্থানীয় সরকারের পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ আরও কিছু ভোটের তারিখ রাখা হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

পুরনো খবর:

সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম আর নেই
রাজশাহী, সিলেট, বরিশাল সিটিতে ভোট ৩০ জুলাই