মুক্তিযোদ্ধার চাকরির মেয়াদ না বাড়ানোয় আদালত অবমাননার রুল
আদালতের নির্দেশনা উপেক্ষা করে মুক্তিযোদ্ধা হিসেবে এক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) চাকরির মেয়াদ না বাড়ানোয় চার সচিবসহ আটজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে আদালত।
আদালতের নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি নজরে আনলে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষে জারি করা বিজ্ঞপ্তিও স্থগিত করা হয়েছে।
মুক্তিযোদ্ধা, জনপ্রশাসন, অর্থ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের চার সচিব ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, ময়মনসিংহের জেলা প্রশাসক, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন; সঙ্গে ছিলেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে আইনজীবী এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পিআইও সিরাজুল ইসলাম সিদ্দিকী মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে নিয়োগ পান। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়েও মুক্তিযোদ্ধা হিসেবে সিরাজুল ইসলাম সিদ্দিকীর নাম বহাল থাকে।
“তবে মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির মেয়াদ এক বছর বাড়ানো ও মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যে প্রত্যয়নপত্র মন্ত্রণালয় থেকে দেওয়ার কথা, সেটি তাকে দেওয়া হচ্ছিল না। এদিকে গত ৩১ মে চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগেই হাই কোর্টে এসে রিট আবদেন করেন সিরাজুল ইসলাম।
আবেদনে মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো, প্রত্যয়নপত্র ও ভাতাসহ সকল সুযোগ-সুবিধা প্রাপ্তির আরজি জানানো হয়।
গত ২৪ মে বিচারপতি নাইমা হায়দা ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে সিরাজুল ইসলাম সিদ্দিকীকে মুক্তিযোদ্ধা হিসেবে তার চাকরির মেয়াদ এক বছর বাড়ানো অর্থাৎ ৬০ থেকে ৬১ বছরে উন্নীত করার পাশাপাশি মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু আদালতের নির্দেশনা সত্ত্বেও গত ৩০ মে ময়মনসিংহের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার পিআইও মো. আব্দুল বাসেদকে মুক্তাগাছার পিআইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ১ জুন থেকে আব্দুল বাসেদকে এ দায়িত্ব দেওয়া হয়।’
এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘আদালতের নির্দেশ উপেক্ষা করে এ ধরনের বিজ্ঞপ্তি জারি করায় হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন সিরাজুল ইসলাম। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ রুল জারি করেছে।’
