২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার এক মামলায় হাই কোর্টে জামিনের আবেদন খালেদার

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাই কোর্টে জামিন আবেদন করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 02:34 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

এ মামলায় কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদন নামঞ্জুরের যে আদেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে আপিল করে মঙ্গলবার এই জামিন আবেদন করা হয় বলে তার আইনজীবী মাসুদ রানা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ২৮ মে এ মামলায় বিএনপি চেয়ারপারসনের গ্রেপ্তার চেয়ে জামিন আবেদন করা হয়েছিল কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এ। একই আবেদনে গ্রেপ্তার দেখানো ও জামিন আবেদনের সুযোগ নেই জানিয়ে আদালত জামিনের আবেদনটি নামঞ্জুর করে আগামী ৮ আগস্ট শুনানির জন্য রেখেছে।

“এই অদেশের বিরুদ্ধে আপিল করে হাই কোর্টে জামিন চাওয়া হয়েছে।”

বিচারপতি মো. শওকত হোসেন ও আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এখন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

এর আগে এই মামলাটিই বাতিল চেয়ে গত ২৮ মে হাই কোর্টে আবেদন করা হলে গত ৩১ মে প্রাথমিক শুনানির পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ তা অবকাশের পর শুনানির জন্য রাখে।

সেদিন  প্রাথমিক শুনানির পর খালেদা জিয়ার আইনজীবী এহসানুর রহমান পরে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হওয়ার ঘটনায় হুকুমের আসামি করে হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনেও মামলা করে পুলিশ।

“পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতেই বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারার মামলাটি বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রূপান্তর করা হয়। সে মামলাটিই বাতিল চেয়ে গত ২৮ মে হাই কোর্টে খালেদা জিয়ার পক্ষে আবেদন করা হয়েছিল। আজ শুনানি হয়েছে। অবকাশের পর আদালত খুললে আবার শুনানি হবে। আশা করছি, অবকাশের পর প্রথম কার‌্যদিবসেই শুনানির জন্য আসবে।”

এদিকে কুমিল্লার দুটি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার জামিনের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, গত ৩১ মে আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখে।

চলতি অবকাশের পর আদালত খোলার পর প্রথম দিন ২৪ জুন পর্যন্ত শুনানি মুলতবি রেখে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছে আপিল বিভাগ।

গত ২৮ মে হাই কোর্ট কুমিল্লায় নাশকতা ও হত্যার দুই মামলায় খালেদাকে জামিন দিয়েছিল হাই কোর্ট।

কুমিল্লার মামলা দুটিতে জামিন দিলেও সেদিন নড়াইলের মামলাটিতে বিচারিক আদালতে গিয়ে তাকে জামিন চাইতে বলেছিল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ।

খালেদা জিয়ার আইনজীবী এ কে এম এহসানুর রহমান বিডিনিউজটোয়েন্টিফার ডটকমকে বলেন, “নড়াইলের মানহানির মামলায় মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের জামিন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আব্দুল আহাদ।”

এ আইনজীবী জানান, গত ৩০ মে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করলে বিচারক আজ জামিন শুনানির দিন ধার‌্য করেছিলেন।