ঢাকায় বাসের ধাক্কায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্বজনের মৃত্যু
ঢাকার পরীবাগে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নিহত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের এক স্বজন।
নিহত আব্দুস সালাম (৭০) সম্পর্কে সংসদ সদস্য রুহুল হকের বেয়াই। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
সোমবার রাত ৯টার দিকে পরীবাগে দুর্ঘটনায় পড়েন সালাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে ডা. রুহুল হকসহ স্বজনরা হাসপাতালে ছুটে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় সালামের সঙ্গে থাকা বন্ধু এমদাদুল হকও ছিলেন হাসপাতালে।
এমদাদ সাংবাদিকদের বলেন, তারা দুই বন্ধু পরীবাগে রাস্তা পার হওয়ার সময় শাহবাগমুখী একটি বাস সালামকে ধাক্কা দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন সাংবাদিকদের জানান,, সালাম মাথায় আঘাত পেয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
রমনা থানার এসআই মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটির চালককে আটক করা হয়েছে।
