সম্পদের তথ্য না দেওয়ায় পিজিসিবিএল কর্মকর্তার জেল-জরিমানা
সম্পদের হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবিএল) সাবেক উপ-ব্যবস্থাপক (ডিএম) আরশাদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
সোমবার ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২৬/২ ধারায় সাজার এই রায় দেন।
কারাদণ্ডের সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে বলে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন।
তিনি বলেন, “রাষ্ট্রের অনুকূলে আগামী ১১ জুনের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তা দিতে ব্যর্থ হলে আসামির স্থাবর-অস্থাবর সম্পদ নিলামে বিক্রি করে জরিমানার টাকা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।”
আসামি আরশাদ এই মামলায় জামিন নিয়ে পলাতক আছেন।
রায়ের বিবরণে বলা হয়, ২০১০ সালের ২ মে নিজের ও পোষ্যদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে আসামি আরশাদকে নোটিস দেয় দুদক। ৪ মে আরশাদ তা গ্রহণ করেন। এরপর ১১ মে হিসাব দাখিল করতে অতিরিক্ত আরও সাতদিন সময় চেয়ে আবেদন করেন তিনি। সেই আবেদনও মঞ্জুর হয়। কিন্তু এরপরও আরশাদ হিসাব বিবরণী জমা দেননি।
এরপর ওই বছরের ২৯ জুন দুদকের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যা ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করেন।
মামলার পর আসামি জামিনে গিয়ে পলাতক হন।
২০১২ সালের ৫ অগাস্ট দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহিম আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ।
