২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠ সচিবের মর্যাদায় জাবেদ পাটোয়ারী

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে জ্যেষ্ঠ সচিবের মর্যাদায় পদোন্নতি দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 09:08 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

বাংলাদেশ পুলিশ বাহিনীর দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত হলেন বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা রোববার তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে।

২০২০ সালের এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ থাকা  জাবেদ পাটওয়ারীই এ বছরের শেষে জাতীয় নির্বাচনের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকবেন।

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুলিশ পদক বাংলাদেশ পুলিশ মেডাল (বিপিএম) পাওয়া এই কর্মকর্তা গত ৩১ জানুয়ারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব নেন।

এতদিন পুলিশ বিভাগে সচিব মর্যাদার (গ্রেড-১) দুজন কর্মকর্তা ছিলেন। এর মধ্যে জাবেদ পাটোয়ারীকে ২০১৩ সালের জুলাই মাসে গ্রেড-১ পদে আনা হয়। আর অতিরিক্ত মহাপরির্দশক মো. মোখলেসুর রহমান ওই মর্যাদা পান চলতি বছর ৮ জানুয়ারি। 

বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হলেও এ মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগের দুই সচিবের কেউ এখনও জ্যেষ্ঠ সচিব হননি।

সরকার ২০১২ সালে ‘সিনিয়র সচিব’ নামে নতুন পদ সৃষ্টি করার পর পুলিশের মহাপরিদর্শকের পদকেও এ মর্যাদা দেওয়া হয়। ওই বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে সিনিয়র সচিবের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

২০১৪ সালে হাসান মাহমুদ খন্দকার অবসরে গেলে আইজিপির দায়িত্ব পান একেএম শহীদুল হক। গতবছর জানুয়ারিতে তিনিও পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হন। চলতি বছরের শুরুতে তিনি অবসরে গেলে জাবেদ পাটোয়ারী পুলিশের নেতৃত্বে আসেন।

চাঁদপুর সদরের শাহ মাহমুদপুরে মান্দারী গ্রামে জন্ম নেওয়া জাবেদ পাটোয়ারী লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ১৯৮৬  সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

কর্মজীবনে তিনি অতিরিক্ত আইজি হিসেবে সিআইডি ও পুলিশ সদরদপ্তরে, পুলিশ কমিশনার হিসেবে রাজশাহী ও খুলনায়, পুলিশ ট্রেনিং সেন্টার ও পুলিশ স্টাফ কলেজর কমান্ড্যান্ট ও পরিচালক হিসেবে এবং রাষ্ট্রপতির পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সুদান, কসোভো, সিয়েরা লিওন ও ক্রোয়েশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জাবেদ পাটোয়ারী।

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনের সময় জাবেদ পাটোয়ারী বঙ্গবন্ধুর কারাজীবনের ওপর লেখা ‘কারাগারের রোজনামচা’র জন্য বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসবির রেকর্ড রুমে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধুর বিষয়ে যেসব ক্লাসিফায়েড তথ্য রয়েছে, সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেন তিনি।

পুরনো খবর:

পুলিশের নেতৃত্বে জাবেদ পাটোয়ারী