সরকারের ধারাবাহিকতা থাকলে সমৃদ্ধি সম্ভব: প্রধানমন্ত্রী
সরকারের ধারাবাহিকতা ও আন্তরিকতা থাকলে দেশের সমৃদ্ধি সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাI
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ধরলা নদীর ওপর ‘শেখ হাসিনা ধরলা সেতু’ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, “২০০৯ সালে সরকার গঠন করেছিলাম, পাঁচ বছর চালিয়েছি। ২০১৪ সালে সরকার গঠন করে আবার জয়ী হয়ে ক্ষমতায় এসেছি বলেই নয় বছরে বাংলাদেশ উন্নতি করতে পেরেছে।
“সরকারের ধারাবাহিকতা থাকলে আর আন্তরিকতা থাকলে দেশকে উন্নত সমৃদ্ধ করা যেতে পারে- আমরা তা কিন্তু প্রমাণ করেছিI”
গণভবন থেকে রোববার সকালে ভিডিও কনফারেন্সে এই সেতু উদ্বোধন করেন শেখ হাসিনাI
প্রধানমন্ত্রী বলেন, “যার যেখানে যে কাজের দায়িত্ব রয়েছে, আপনারা আপনাদের কাজগুলো যথাযথভাবে ও সুন্দরভাবে পালন করেন।”
২০১১ সালের ১৯ অক্টোবর এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০৬ কোটি ৮৫ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ৯৫০ মিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ২০১২ সালের ২০ সেপ্টেম্বর।
কুড়িগ্রাম এবং লালমনিরহাটের মানুষের জন্য নিজের নামের এই সেতুকে ‘ঈদুল ফিতরের উপহার’ হিসেবে আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, “কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর অঞ্চলের মানুষের জন্য এই সেতুটি আমার পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে নেবেন। আপনারা এই সেতু রক্ষণাবেক্ষণ করবেন, দেখেশুনে রাখবেন।”
“এই সেতুর ফলে এ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। মানুষের যোগাযোগ অনেক সহজ হয়ে উঠবে। উত্তরবঙ্গের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।”
“একসময় উত্তরবঙ্গে মঙ্গা হতো, এখন সে সমস্যা কেটে গেছে। যে জমিতে একবার ফসল হতো, সেটি দো-ফসলি হয়েছে। খাদ্য ও সবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে।”
প্রধানমন্ত্রী এরপরে বিআইডব্লিউটিসির চারটি ১৫৮ টিইইউ সেলফ প্রোপেল্ড মাল্টিপারপাস ইনল্যান্ড কন্টেইনারবাহী জাহাজ, মুন্সিগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস এবং বিআইডব্লিউটিএর চারটি আট ইঞ্চি কাটার সাকশন এম্ফিবিয়ান ড্রেজার উদ্বোধন।
নদীর নাব্যতা রক্ষার উপর জোর দিয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, “নদী না থাকলে বাংলাদেশর ওপর বিপর্যয় নেমে আসবে।”
নদীভাঙন রোধে বালুমহালের জায়গা স্থানান্তরের নির্দেশও দেন তিনি।
দুই অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কুড়িগ্রাম এবং মুন্সিগঞ্জ জেলার সুবিধাভোগী জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাও বলেন।
