২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃতিতে বর্ষার পদধ্বনি

পঞ্জিকার পাতায় আষাঢ় আসতে দিন দশেক বাকি থাকলেও গ্রীষ্মের মৌসুমী বায়ু চলে এসেছে দেশের উপকূলে, যার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 01:16 AM

Updated : 08 Apr 2022, 06:29 PM

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহে দেশের সর্বত্র দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার ঘটবে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। পশ্চিমা লঘুচাপ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

“আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্টাংশে অগ্রসর হতে পারে। বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।”

আবহাওয়ার রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এপ্রিল-মে মাস জুড়েই ছিল কালবৈশাখী ও বজ্রপাতের দাপট। গেল বছর প্রকৃতিতে ভারি বর্ষণ আঁটঘাট বেঁধেছিল বর্ষা আসার আগেই। রাঙামাটিতে সর্বোচ্চ ৩৪৩ মিলিমিটার এবং ঢাকায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল।

জুন মাসের পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ মাসে বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার শঙ্কা রয়েছে।