জলাবদ্ধতার কারণ ‘উদাসীনতা ও জবাবদিহির অভাব’
কর্তৃপক্ষের ‘উদাসীনতা ও জবাবদিহির অভাবের’ কারণে অল্প বৃষ্টিতেই নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগ ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সহ-সভাপতি আকতার মাহমুদ তার অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেন।
জলাবদ্ধতার যেসব কারণ তিনি তুলে ধরেন, তার মধ্যে রয়েছে, রাজউকের ‘বিশদ অঞ্চল পরিকল্পনা’ ও ওয়াসার ‘ড্রেনেজ মাস্টার প্ল্যান’ সময় মতো বাস্তবায়ন করতে না পারা, উন্নয়ন কর্মকাণ্ডের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ড্রেনেজ চ্যানেল বিচ্ছিন্ন হয়ে যাওয়া, নগরের খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে পরিমাণে কমে যাওয়া বা সংকুচিত হয়ে নালায় পরিণত হওয়া।
এছাড়াও ভূ-উপরিস্থ এবং স্টর্ম ওয়াটার ড্রেন কঠিন বর্জ্যে আটকে বন্ধ হয়ে থাকার কারণে বৃষ্টির পানি সরার মাত্রা কমে যাওয়া, বৃষ্টির পানি ধারণের স্থান কমে যাওয়া, শহরের নিন্মাঞ্চল আশঙ্কাজনকহারে কমে যাওয়াসহ বিভিন্ন কারণ তুলে ধরেন তিনি।
বৈঠকে স্থপতি ইকবাল হাবিব বলেন, “বৃষ্টির পানি যাবে কোথায়? খালগুলো জবরদখল করে রাখা হয়েছে, শহরে পানি নিষ্কাশনের ব্যবস্থা এতই খারাপ যে ৩০-৩৫ মিলিমিটার বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এখন ফ্লাইওভারেও পানি জমে যাচ্ছে।
“মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপালনে উদাসীনতা, অকর্মন্যতা ও জবাবদিহিতার অভাবের কারণে এই অবস্থা।”
নগরের জলাবদ্ধতা সৃষ্টিতে কর্তৃপক্ষের জবাবদিহিতার অভাবকে দায়ী করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কা জোনায়েদ সাকিও।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, “অভিজ্ঞতা থেকে দেখি, নদী-নালা-খালগুলো সংকুচিত হয়ে গেছে। জলাবদ্ধতা থেকে নতুন বাণিজ্য সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হলেই নতুন-নতুন, বড়-বড় প্রকল্প। পয়সা কামানোর পথ আরও খুলে যাচ্ছে।”
তিনি বলেন, “পানি নিষ্কাশনের দায়িত্বে যারা রয়েছেন তাদের দায়িত্বহীনতা ও নিন্মমানের কাজের কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি করে টাকা কামিয়ে নিচ্ছে বিভিন্ন দপ্তর, যে রাস্তা একবার খুঁড়লেই হয় তা বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান খুঁড়ে কাজ করছে।”
