মাদকবিরোধী অভিযান: ঢাকায় ৫ জনের সাজা
ঢাকার হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে গিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে এই সাজা দেওয়া হয় বলে মঙ্গলবার পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, “হাজারীবাগের ঝাউচর মীর শওকত আলী রোড এলাকায় বিভিন্ন মাদক স্পটে ইয়াবা ও গাঁজা ক্রয় বিক্রয়ের সময় পাঁচজনকে সাজা দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী হাকিম মো. সরওয়ার আলম।”
তাদের মধ্যে আবুল হোসেন (৫০), মো. আলী হোসেন (৪৫), মো. কুদ্দুস (৪৭), মো. হযরত আলীকে (৩৮) ছয় মাসের এবং হারুন (৪৫) নামে একজনকে নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় মাদক কেনা-বেচায় জড়িত থাকায় মো. আশফাকুর রহমান (৩৮) ও মো. রিফাত হোসেন (৩০) নামে দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
