ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
ভারত সফর করে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংবাদ সম্মেলনে আসছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বুধবার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিতে দুই দিনের এই সফর করেছিলেন শেখ হাসিনা।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বভারতীতে সমাবর্তনে অংশ নেওয়ার পাশাপাশি বৈঠকও করেন তিনি।
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ‘ডি-লিট’ ডিগ্রি নেন শেখ হাসিনা।
সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শেখ হাসিনার সাক্ষাৎ হয়।
নির্বাচনের বছর ভারতে এই সফর নিয়ে বিএনপি ইতোমধ্যে প্রশ্ন তুলেছে। তিস্তা চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়া নিয়েও কথা বলেছেন দলটির নেতারা।
বিশ্ব ভারতীতে সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে এখনও যেসব সমস্যা আছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমেই তার সমাধান হবে বলে তিনি বিশ্বাস করেন।
